tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবিয়ের সাজে পিস্তল হাতে ফারিণ, রহস্য ঘিরে তিন তরুণ

বিয়ের সাজে পিস্তল হাতে ফারিণ, রহস্য ঘিরে তিন তরুণ

হাতে পিস্তল, পরনে বিয়ের পোশাক, আর চারপাশে তিন তরুণ। অভিনেত্রী তাসনিয়া ফারিণের এমন অদ্ভুত সাজ ও উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। হঠাৎ কেন বিয়ের সাজে অস্ত্র হাতে দেখা গেল তাঁকে? আর তাঁকে ঘিরে থাকা তিন তরুণের সঙ্গেই বা কী সম্পর্ক? এসব প্রশ্নের উত্তর মিলবে আসন্ন ওটিটি সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে। তবে সিরিজটির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশের পর থেকেই ফারিণের নতুন লুক নিয়ে কৌতূহল তৈরি হয়। রহস্য, অপরাধ ও থ্রিলারধর্মী কনটেন্টের ভিড়ে এবার ভিন্ন ঘরানার গল্প নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নতুন এই সিরিজে ফারিণকে দেখা যাবে ব্যতিক্রমী এক চরিত্রে।

ছবিগুলোর রহস্য কিছুটা উন্মোচন করে চরকি জানিয়েছে, এগুলো তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র প্রচারণার অংশ। এতে ফারিণের সঙ্গে অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

সিরিজটি নিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ওটিটিতে ডার্ক থ্রিলার ও মিস্ট্রি ঘরানার কাজ নিয়মিত দেখা গেলেও ডার্ক কমেডির উপস্থিতি তুলনামূলক কম। সেই জায়গা থেকেই দর্শকদের নতুন স্বাদের বিনোদন দিতে এমন একটি গল্প বেছে নিয়েছে চরকি।

তিনি আরও বলেন, ‘চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছে। আমার বিশ্বাস, ছকভাঙা এ সিরিজটিও দর্শকদের নতুন রকমের আনন্দ দেবে।’

‘ডাকাতিয়া বাঁশি’র কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় চরকি। পাশাপাশি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে অভিনয়শিল্পীদের চরিত্রের নতুন লুক। তবে প্রচারণার ছবিতে গল্পের কিছু আভাস থাকলেও পুরো রহস্য এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা।

সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। নিজের চরিত্র সম্পর্কে অভিনেত্রী বলেন, নামের মতোই চরিত্রটিও কিছুটা ব্যতিক্রমী। ডার্ক কমেডি ঘরানার এই গল্পে ক্যামেলিয়ার মধ্যেও রয়েছে অন্ধকার দিক। অভিনয়জীবনে এর আগে কমেডি চরিত্রে কাজ না করলেও এবারই প্রথম এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁর।

কাজটি বেছে নেওয়ার কারণ জানিয়ে ফারিণ বলেন, ওটিটিতে থ্রিলার ও খুনের রহস্যনির্ভর গল্পের সংখ্যা অনেক। তাই এবার ভিন্ন কিছু করার আগ্রহ থেকেই ডার্ক কমেডিতে যুক্ত হয়েছেন তিনি। তাঁর মতে, সিরিজটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে, একই সঙ্গে তাঁর নিজের অভিনয়জীবনেও যোগ করবে নতুন মাত্রা।

অন্যদিকে সিরিজের প্রচারণামূলক ছবিতে বন্দুক হাতে দেখা গেছে এরফান মৃধা শিবলুকে। তবে শুধু ছবি দেখে তাঁর চরিত্রের ধরন বোঝা যাবে না বলে মনে করেন এই অভিনেতা ও সংগীতশিল্পী। শিবলুর ভাষায়, গল্পটি মজার হলেও তাঁর চরিত্রটি বেশ রহস্যময়। পরিস্থিতি অনুযায়ী চরিত্রটির আচরণও বদলে যায়। গল্পে একটি পরিবারের সম্পর্কের বিষয়টি থাকায় কাজটির প্রতি তাঁর আগ্রহ আরও বেড়েছে।

পার্থ শেখের কাছেও সিরিজটি অভিনয়ের নতুন অভিজ্ঞতা। তাঁর চরিত্রের মনস্তাত্ত্বিক নানা দিক নিয়ে কাজ করছেন তিনি। পার্থ জানান, চরিত্রটিতে এমন কিছু স্তর রয়েছে, যেগুলো আগে অভিনয়ে মোকাবিলা করতে হয়নি। তাই প্রতিদিন চিত্রনাট্য পড়ার পাশাপাশি চরিত্রের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে অভিনয় করা যায়, তা নিয়ে ভাবছেন তিনি।

দীর্ঘ বিরতির পর ‘ডাকাতিয়া বাঁশি’র মাধ্যমে ওটিটিতে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাত। তাঁর মতে, সিরিজ নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখা। বিশেষ করে একেকটি পর্বের শেষে এমন কিছু রাখতে হয়, যাতে দর্শক পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করেন। গল্পে একাধিক স্তর ও অপ্রত্যাশিত মোড় থাকাও জরুরি।

রাফাত জানান, ‘ডাকাতিয়া বাঁশি’তে একের পর এক চমকপ্রদ ঘটনা থাকবে। ডার্ক কমেডি তাঁর পরিচিত ঘরানা হওয়ায় এমন একটি চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়েছেন তিনি।

চিত্রনাট্যকার নাজিম উদ দৌলাও জানিয়েছেন, ‘ডাকাতিয়া বাঁশি’কে প্রচলিত অর্থে থ্রিলার বলা যাবে না। তবে গল্পের ঘটনাপ্রবাহে এমন কিছু অপ্রত্যাশিত মুহূর্ত ও চমক থাকবে, যা দর্শকদের বিস্মিত করবে।