tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গন‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’ স্লোগানে ইবি ছাত্রদলের বিক্ষোভ

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’ স্লোগানে ইবি ছাত্রদলের বিক্ষোভ

দেশজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সমবেত হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল—‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্তান’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’ এবং ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট, নৈরাজ্য সৃষ্টি, বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ মিছিল করেছেন। গত রাতেও তাঁরা ক্যাম্পাসে পাহারা দিয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাঁরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করবেন।