tanaka
প্রচ্ছদসারাদেশশ্রমিক অসন্তোষে গাজীপুরে ১১ কারখানায় ছুটি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১১ কারখানায় ছুটি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১১টি কারখানায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কারখানার ফটক এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল ১০টার পর গাজীপুর সদর উপজেলা ও ভোগরা এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একপর্যায়ে ১১টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছুটির পর শ্রমিকরা একযোগে কারখানা থেকে বেরিয়ে আসায় কয়েকটি স্থানে জটলা তৈরি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং তাঁদের বাড়িতে ফিরে যেতে অনুরোধ জানান।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের কোনো অবরোধের ঘটনা ঘটেনি। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার অভ্যন্তরে অসন্তোষ দেখা দেওয়ায় সেগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

এদিকে ভোগরা বাইপাস এলাকায় মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়। বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, জেলার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় মোট ১১টি কারখানা মঙ্গলবারের জন্য ছুটি দেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছেন।