tanaka
প্রচ্ছদজাতীয়নাশকতার চেষ্টার অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩

নাশকতার চেষ্টার অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে এবং বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তাঁদের মধ্যে সংগঠনটির অর্থায়নে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া কয়েকজনও রয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টার অভিযোগে ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে এবং বিভিন্ন চেকপোস্টে তল্লাশির মাধ্যমে তাঁদের আটক করা হয়। এ ছাড়া অন্যান্য অপরাধের অভিযোগেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে জড়িত কি না, জানতে চাইলে আকতার হোসেন বলেন, সবার বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অথবা সংগঠনটির নিয়োগ করা ব্যক্তি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সংগঠনটির অর্থায়নে এসব ব্যক্তিকে দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করানো হচ্ছে।