আলোচিত ব্লগার আসাদ নূর সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন আসাদ নূর। একই সঙ্গে এত দিন বিয়ের খবর গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন তিনি।
আসাদ নূরের দাবি, সমাজে প্রচলিত বিভিন্ন ট্যাবু ও গোঁড়ামি নিয়ে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনতেই পরিকল্পিতভাবে তাদের সম্পর্কের বিষয়টি ধীরে ধীরে সামনে আনা হয়েছিল।
তিনি জানান, তাদের সম্পর্কের বিষয়ে মানুষকে ধারণা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কিছু সূত্র রাখা হয়েছিল। এর মধ্যে ছিল পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার বিষয়টি। পরে ছবি আড়াল করা এবং কিছুটা আড়ালে চলে যাওয়ার মাধ্যমে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন তারা।
আসাদের ভাষ্য, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো ব্যক্তিদের, বিশেষ করে ধর্মান্ধ ও উগ্র জাতীয়তাবাদী মনোভাবাপন্ন মানুষের প্রচলিত চিন্তাধারাকে প্রশ্নের মুখে ফেলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।
যে আইনে বিয়ে করেছেন আসাদ-পারশা
বিয়ের আইনি প্রক্রিয়া সম্পর্কে আসাদ নূর জানান, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাদের বিয়ে হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করতে হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ। তার ভাষ্য, পারশা বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের অত্যন্ত আদরের। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। আসাদের মতে, পারশা একজন ভালো মানুষ। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন তিনি।
পারশার পেশাগত অর্জন, যোগ্যতা ও ব্যক্তিত্বের প্রতি সম্মান রেখেই তার সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ।
রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার
কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করার অভিযোগ নাকচ করেছেন আসাদ নূর। তিনি দাবি করেন, তিনি কিংবা পারশা কেউই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট নন। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তারা অর্থ বা অনুদান নেননি।
জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন আসাদ। তিনি বলেন, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ‘চলো ভুলে যাই’ গানটির সঙ্গেও তার গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা ছিল।
আসাদের দাবি, ৫ আগস্টের পর ক্ষমতার প্রতি আকৃষ্ট না হয়ে পারশা জুলাইপন্থিদের সঙ্গেই যুক্ত ছিলেন।
ধর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে বক্তব্য
ধর্ম বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আসাদ নূর বলেন, গত দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাও তার পছন্দ নয়। তার মতে, সমাজে ভালো নাস্তিক ও ভালো ধার্মিক—উভয় ধরনের মানুষই রয়েছেন।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে অশালীন ট্রল ও অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন আসাদ। এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে নারীদের প্রতি শালীনতা, মর্যাদা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি।



