tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকতুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়লে এর সঙ্গে থাকা সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক। হাবাস ডেমির সেলিক তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, সোমবার দুপুরের দিকে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। সেখানে ক্রেনের সাহায্যে নতুন একটি বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন জ্বলতে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে তাঁদের একজনের মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে এ ঘটনায় ১৬ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই বড় উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত হাবাস কারখানাটি দেশটির গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে অবস্থিত। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত।