জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মায়া জানান, দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “নীতি, সততা ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে আমি দায়িত্ব পালন করেছি। কিন্তু সম্প্রতি আমার বিরুদ্ধে নানা সমালোচনা, মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হয়েছে। এতে করে আমার ব্যক্তিগত আদর্শ ও নৈতিক অবস্থান ক্ষুণ্ণ হয়েছে। তাই আর দায়িত্ব পালন সম্ভব নয়।”
তিনি আরও জানান, গত ৪ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সংসদের কাছে একটি লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এ অবস্থায় আত্মসম্মান রক্ষার তাগিদেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
শামীমা বলেন, “রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই আমি নিজেই সরে দাঁড়াচ্ছি।” তবে এই পদত্যাগে কারও প্রতি আক্রমণ বা অভিযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।
পদত্যাগের পরও সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন মায়া। একইসঙ্গে দলের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, এনসিপি যেন গণমানুষের আস্থা অর্জনে স্বচ্ছ রাজনীতির ধারা অব্যাহত রাখে।
এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, “মায়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে। আমরা তা যাচাই করে কিছু সত্যতা পেয়েছি এবং কেন্দ্রকে লিখিতভাবে জানিয়েছি। সম্ভবত সে কারণেই তিনি আগেই পদত্যাগ করেছেন।”



