নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের নিচা বাজার এলাকার কাপড়িয়া পট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওই পর্যটক।
নাটোর সদর মডেল থানা পুলিশ ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর শহরের কাপড়িয়া পট্টি এলাকার বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার সময় ট্রেনের একটি আসনের নিচে ল্যাপটপটি পান। পরে তিনি ছেলে অন্তর কুমার সাহার সঙ্গে আলোচনা করে পুলিশকে বিষয়টি জানান। অন্তর কুমার সাহা জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের সঙ্গেও যোগাযোগ করেন।
ল্যাপটপ উদ্ধারের খবরে আনন্দ প্রকাশ করে ক্রিল ল্যান্ডার কালবেলা অনলাইনকে বলেন, ‘অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি, কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব।’
এর আগে গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন।
একপর্যায়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি। চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ শুরু করে।
ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে জার্মান পর্যটকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। পরে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে ফেলেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই যুবক।
তবে ল্যাপটপটি উদ্ধার হলেও ব্যাগে থাকা ক্যামেরাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।



