হৃদরোগ শনাক্তকরণে নতুন সম্ভাবনার দ্বার খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এত দিন হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রম পরীক্ষা করতে ব্যবহৃত সাধারণ ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) এখন এআই প্রযুক্তির সহায়তায় আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম হচ্ছে। এমনকি ইসিজির ফলাফল স্বাভাবিক এলেও হৃদরোগের কিছু সুপ্ত ঝুঁকি শনাক্ত করতে পারে এই প্রযুক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি ইসিজির এমন কিছু সূক্ষ্ম সংকেত ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারে, যা সাধারণভাবে চিকিৎসকদের চোখে সহজে ধরা পড়ে না। এর মাধ্যমে সম্ভাব্য হার্ট অ্যাটাকের ঝুঁকি, হৃদযন্ত্রের পেশির দুর্বলতা, হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা এবং বয়সের তুলনায় হৃদযন্ত্রের দ্রুত বার্ধক্যের লক্ষণ শনাক্ত করা সম্ভব হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইউসিএলএর ডেভিড গেফেন স্কুল অব মেডিসিনের শিক্ষক ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আফশিন এমরানি জানান, হৃদরোগ নির্ণয়ে ইসিজি এখন নতুন সম্ভাবনাময় একটি পরীক্ষাপদ্ধতি হিসেবে সামনে আসছে। এটি তুলনামূলক কম খরচে এবং সহজেই করা যায়। বিশ্বজুড়ে প্রতিবছর লাখ লাখ মানুষের এই পরীক্ষা করা হয়। এর সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত হওয়ায় ইসিজির ফলাফল থেকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত হৃদযন্ত্রের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে হার্ট অ্যাটাকের মতো জটিল পরিস্থিতিতে রোগীর ঝুঁকি দ্রুত মূল্যায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এই প্রযুক্তি সহায়ক হতে পারে। যুক্তরাষ্ট্র ও ভারতে হৃদরোগ শনাক্তকরণ এবং চিকিৎসার প্রচলিত পদ্ধতিতেও এআই নতুন পরিবর্তন আনছে।
এআইনির্ভর ইসিজির মাধ্যমে হৃদযন্ত্রের সম্ভাব্য বয়স, পেশির কার্যক্ষমতা এবং ভবিষ্যতে দেখা দিতে পারে এমন বিভিন্ন জটিলতার আগাম সংকেত পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ফলে রোগের ঝুঁকি সম্পর্কে আগে থেকেই সতর্ক হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া চিকিৎসকদের জন্য সহজ হতে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির মাধ্যমে পরিচালিত ইসিজি প্রচলিত চিকিৎসা পরীক্ষা কিংবা চিকিৎসকের মূল্যায়নের বিকল্প নয়। বরং সম্ভাব্য রোগের ঝুঁকি আগেভাগে চিহ্নিত করে অতিরিক্ত পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক প্রযুক্তি হিসেবেই এটি ব্যবহার করা যেতে পারে।



