tanaka
প্রচ্ছদসারাদেশগোপালগঞ্জ হয়ে চলবে না খুলনা-ঢাকা রুটের বাস

গোপালগঞ্জ হয়ে চলবে না খুলনা-ঢাকা রুটের বাস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগের কারণে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকেরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের ওপর দিয়ে কোনো বাস চলাচল করবে না। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প পথে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় যাতায়াত করবে খুলনার বাসগুলো।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহন টিকিট বিক্রিও বন্ধ রেখেছে।

খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাঁদের একটি বাস বিকেলে পথে আটকা পড়েছিল। তবে বাসটির সর্বশেষ অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ পথে পুনরায় বাস চলাচল শুরুর সময় নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।

খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁদের বাস চলাচল স্বাভাবিক ছিল। তবে সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনা করে এ পথে বাস চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বলেন, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

তিনি বলেন, ‘এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলবে না।’

এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেছিলেন খুলনার পরিবহন মালিকেরা।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন দলটির কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা। এসব কর্মসূচিকে ঘিরে এলাকায় নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।