ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও বাস্তবে তাঁর ফিরে আসার কোনো সুযোগ নেই।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, প্রদর্শনীতে শেখ হাসিনা ও তাঁর দলের কর্মকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার স্মৃতি তুলে ধরা হয়েছে। জাদুঘরের মাধ্যমে এসব ঘটনা ও স্মৃতি সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তাঁর দলকে জনগণের মন থেকে প্রত্যাখ্যাত হতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, প্রতিটি শহীদ পরিবারই গভীর শোক ও বেদনা বয়ে বেড়াচ্ছে। কোনো পরিবারের সন্তান হারানোর কষ্ট অন্য পরিবারের অভিজ্ঞতা থেকে আলাদা নয়।
ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকার দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছিল বলেও অভিযোগ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বলপ্রয়োগের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা, বিনা ভোটের নির্বাচন এবং রাতের ভোটের মতো ঘটনার পরিণতিতেই জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিচিহ্ন এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ তুলে ধরা হচ্ছে।
আয়োজকদের লক্ষ্য, জাদুঘরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের ঘটনাবলি তুলে ধরা।



