tanaka
প্রচ্ছদসারাদেশতাজমিন হত্যা: কক্সবাজার থেকে আটক রাজু

তাজমিন হত্যা: কক্সবাজার থেকে আটক রাজু

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় জড়িত থাকার প্রাথমিক কোনো তথ্য না পেলেও নাবালিকাকে প্ররোচিত করে বিপদে ফেলার অভিযোগে আলোচিত তরুণ রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাজুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সাগর তাকে আটক করেন।

এদিকে, রাজুকে আটকের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে দুই পুলিশ সদস্য তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় রাজুর সঙ্গে পুলিশ সদস্যদের কিছুটা ধস্তাধস্তির দৃশ্যও দেখা যায়।

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) অর্ণব কালবেলা অনলাইনকে বলেন, প্রাথমিক তদন্তে তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে রাজুর জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একটি হত্যাকাণ্ডের বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, একজন নাবালিকাকে যেভাবে কক্সবাজারে এনে বিপদের মুখে ফেলা হয়েছে, সেটিও আইনগতভাবে স্বাভাবিক বিষয় নয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।