tanaka
প্রচ্ছদরাজনীতিখুলনা ছাত্রদলের সাবেক নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা ছাত্রদলের সাবেক নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার চিকিৎসা চলছে।

সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার চিকিৎসা নিশ্চিত করা এবং সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তারেক রহমান। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে তার চিকিৎসা চলছে।

সাইফুলের চিকিৎসার বিষয়ে অধ্যাপক ডা. নুরুজ্জামান খান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলামসহ অন্যরা।

উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন খান সাইফুল। এর আগেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন সময়ে রাজধানীর একাধিক হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।