পিলখানা ট্র্যাজেডির স্মৃতি ও শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল আসিফ আকবরের কণ্ঠে ‘ট্র্যাজেডি পিলখানায়’ গানটি। দীর্ঘ ১৭ বছর পর নতুন সংগীতায়োজনে আবারও শ্রোতাদের সামনে আসছে গানটি। এবারের সংস্করণে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ‘নতুন কুঁড়ি’র আধুনিক গানে বিজয়ী শিশু শিল্পী রোদসী নূর সিদ্দিকী।
মূল সংস্করণে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন শিশু শিল্পী সাবরিনা পড়শী। গানটির কথা লিখেছিলেন রাজীব আহমেদ এবং সুর করেছিলেন পল্লব স্যানাল। নতুন সংস্করণের সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এবারের আয়োজনে আবৃত্তির অংশটি পাঠ করেছেন গীতিকার রাজীব আহমেদ নিজেই। মূল গানটিতে আবৃত্তি করেছিলেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।
যেভাবে শুরু হয়েছিল গানটির পথচলা
২০০৯ সালে গানটি প্রকাশের সময় সাবরিনা পড়শী ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এবারও যেন সেই স্মৃতির পুনরাবৃত্তি—নতুন সংস্করণে কণ্ঠ দেওয়া রোদসী নূর সিদ্দিকীও একই শ্রেণির শিক্ষার্থী।
তবে গানটির নতুন সংস্করণ তৈরির পেছনে রয়েছে দীর্ঘদিনের স্মৃতি, শোক ও শ্রদ্ধার আবেগ। পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের দাফন সম্পন্ন হওয়ার দিনই গানটির মূল ভাবনা তার মাথায় আসে বলে জানিয়েছেন গীতিকার রাজীব আহমেদ।
এক ফেসবুক পোস্টে রাজীব আহমেদ জানান, গানটির জন্য একজন শিশু শিল্পী ও একজন আবৃত্তিশিল্পীর প্রয়োজন ছিল। সে সময় তিনি চ্যানেল আইয়ের কালচারাল রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠান কাভার করার সুবাদে পড়শীর মায়ের সঙ্গে তার পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরেই গানটির শিশু শিল্পী হিসেবে পড়শীকে বেছে নেন তিনি।
রাজীব আহমেদের ভাষ্য, শিশু শিল্পী হিসেবে পড়শীকে তার পছন্দ হয়েছিল। অন্যদিকে আসিফ আকবরের সঙ্গে গান করার সুযোগ পেয়ে পড়শী ও তার মা দুজনেই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ‘ট্র্যাজেডি পিলখানায়’-এ কণ্ঠ দেওয়ার মধ্য দিয়েই পড়শীর পেশাদার সংগীতজীবনের সূচনা হয়।
‘মাইলফলক গান’ বলছেন আসিফ
দীর্ঘ সময় পর গানটি নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আসিফ আকবর। তার মতে, ‘ট্র্যাজেডি পিলখানায়’ তার সংগীতজীবনের একটি মাইলফলক গান।
আসিফ আকবর বলেন, ২০০৯ সালে পিলখানায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশের লক্ষ্যেই গানটি তৈরি করা হয়েছিল।
নতুন প্রজন্মের কণ্ঠে পুরোনো স্মৃতি
গানটির নতুন সংস্করণে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত রোদসী নূর সিদ্দিকীও। এই সুযোগের জন্য সে কৃতজ্ঞতা জানিয়েছে ইথুন বাবু স্যার এবং আসিফ আকবরের প্রতি।
রোদসীর ভাষ্য, তার নামটি আসিফ আকবরের কাছে প্রস্তাব করার জন্য ইথুন বাবু স্যারের প্রতি এবং তাকে গানটির সঙ্গে যুক্ত করার জন্য আসিফ আকবর স্যারের প্রতি সে কৃতজ্ঞ।
নতুন সংগীতায়োজন ও নতুন প্রজন্মের শিল্পীর কণ্ঠে ‘ট্র্যাজেডি পিলখানায়’ আবারও প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের স্মৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার বার্তা নতুন প্রজন্মের কাছেও পৌঁছে যাবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।



