চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেডে ফার্নেসের ত্রুটির কারণে ছিটকে পড়া গলিত লোহায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত আরেক শ্রমিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম গতকাল সকালে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)। দুর্ঘটনায় আহত জুয়েল (৩৬) নামের আরেক শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর দুপুরে ফার্মিক স্টিলের ফার্নেসে ত্রুটি দেখা দিলে সেখান থেকে গলিত লোহা ছিটকে পড়ে। এতে চারজন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে নেওয়া হয়।
অবস্থার আরও অবনতি হলে শরিফুল ইসলাম ও চীনা প্রকৌশলী জেংলিং হংকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। অন্যদিকে মনির হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান শরিফুল ইসলাম। একই দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনির হোসেনের।
সর্বশেষ ২ অক্টোবর বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চীনা প্রকৌশলী জেংলিং হং।
এদিকে নিহত শরিফুল ইসলামের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় নিহতের স্বজন এবং কারখানার চীনা ও বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শরিফুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নিহত শরিফুল ইসলামের চাচা মনির হোসেন জানান, তারা মামলা করতে চান না। পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে উপযুক্ত ক্ষতিপূরণ চান তারা।
শরিফুলের বাবা মো. সেলিম বলেন, তার ছেলে দুই সন্তান রেখে গেছেন। ছেলেকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে ক্ষতিপূরণের বিষয়ে তারা আলোচনা করছেন।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিনজন মারা গেছেন। কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধি ও নিহত শরিফুলের স্বজনেরা থানায় এসে আইনি বিষয় নিয়ে আলোচনা করেছেন। পরিবার মামলা না করলেও পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।
তবে ক্ষতিপূরণের বিষয়টি পুলিশের আওতাধীন নয় বলেও জানান ওসি।
অন্যদিকে দুর্ঘটনায় আহত জুয়েল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।



