tanaka
প্রচ্ছদরাজনীতিফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে প্রধান পাইলটের ওপর হামলা চালিয়ে উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির অ্যাটর্নি জেনারেল ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (৩ অক্টোবর) ইউএইর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম (WAM) জানায়, ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটে থাকা সহকারী পাইলট ককপিটে প্রধান পাইলটকে একটি ‘ক্র্যাশ অ্যাক্স’ দিয়ে আঘাত করেন এবং পরে উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।

আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি বলেন, ঘটনার পুরো পরিস্থিতি, হামলার সম্ভাব্য উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না—সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, তদন্তের অংশ হিসেবে কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি শারীরিক ও ডিজিটাল আলামত বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

যেভাবে জরুরি অবতরণ করে বিমান

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে ইসরাইলের তেল আবিবের উদ্দেশে উড্ডয়ন করেছিল ফ্লাইদুবাইয়ের বিমানটি। এতে ১৮২ জন যাত্রী ও ক্রু ছিলেন।

উড্ডয়নের পর ককপিটে হামলার ঘটনা ঘটলে উড়োজাহাজটি হঠাৎ করে উল্লেখযোগ্য উচ্চতা হারায়। পরিস্থিতি সামাল দিতে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে নিয়ন্ত্রণে নেন। পরে একজন রিজার্ভ পাইলট বিমানের দায়িত্ব গ্রহণ করেন।

এরপর উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

হামলায় প্রধান পাইলট ভারতীয় নাগরিক স্মিত মাচ্ছার আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতে ফিরিয়ে নেওয়া হয়। শনিবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সাহসিকতার প্রশংসা করেন।

সহকারী পাইলটকে ঘিরে তদন্ত

সহকারী পাইলটের পরিচয় ইউএই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে রয়টার্সের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, তার নাম হামাম আল-হামামি এবং তিনি ওমানের নাগরিক।

তার অতীত পেশাগত কর্মকাণ্ড এবং হামলার সম্ভাব্য উদ্দেশ্য নিয়েও তদন্ত চলছে।

তদন্তকারীরা বিশেষভাবে খতিয়ে দেখছেন, হামাম আল-হামামি একাই এ ঘটনার পরিকল্পনা করেছিলেন কি না, নাকি এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা ছিল।

আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।