tanaka
প্রচ্ছদসারাদেশপ্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপনের পাশাপাশি খাবার, উপহার, শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) নগরীর শিশু পার্কসংলগ্ন বরফকল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর উদ্যোগে এবং সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর অংশগ্রহণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন আয়োজকরা। শিশুদের জন্য খাবার ও উপহার বিতরণের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা উপকরণ। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া এসএনডিসির সভাপতি সফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম শুভ, আইটি সেক্রেটারি নেয়ামুল রনি এবং আমাদের পাঠশালার নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।