বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন ‘নতুন স্বাভাবিক’ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতিবিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়ে অর্থনৈতিক নীতি প্রণয়নে বাস্তবসম্মত সমাধান খোঁজার পাশাপাশি তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয়কে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলা করতে হয়। অনেক ক্ষেত্রেই সীমিত তথ্যের ভিত্তিতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে হয়।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নীতি নির্ধারণে বাস্তবসম্মত সমাধান এবং তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থ মন্ত্রণালয়কে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেখানে সীমিত তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে হয়।’
তিনি বলেন, জ্বালানির মূল্য, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতির মতো বিভিন্ন চ্যালেঞ্জ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করা প্রয়োজন।
অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।’
সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণের কাছ থেকে সংগৃহীত করের প্রতিটি টাকা যেন স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে ব্যবহার করা হয়, তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম।
‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনে অংশ নেওয়া তরুণ অর্থনীতিবিদ ও শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।



