কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ উপজেলার রামনগর গ্রামের হালিমের ছেলে। সে গোপালনগর উত্তরপাড়ায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করত। স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
অপর শিশু হাসিব গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ির বাসিন্দা কাউসারের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়
স্থানীয় বাসিন্দা ও নিহত দুই শিশুর স্বজনরা জানান, শনিবার বেলা ১১টার দিকে জুনায়েদ ও হাসিবসহ কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অন্যদের অগোচরে জুনায়েদ ও হাসিব পানিতে তলিয়ে যায়।
বিষয়টি বুঝতে পেরে পুকুরে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনরা দ্রুত সেখানে ছুটে আসেন। পরে পুকুরে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করা হয়।
মুমূর্ষু অবস্থায় তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়। পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে উভয়ের ইসিজি করা হয়। ইসিজি পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।



