tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায়ে চাপে নেতানিয়াহু, ইসরাইলের জন্য কেন গুরুত্বপূর্ণ আইসিজের সিদ্ধান্ত?

রোহিঙ্গা গণহত্যার রায়ে চাপে নেতানিয়াহু, ইসরাইলের জন্য কেন গুরুত্বপূর্ণ আইসিজের সিদ্ধান্ত?

মিয়ানমারের সেনাবাহিনীকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইসরাইলের আইন ও সামরিক মহলে। যদিও একটি দেশের বিরুদ্ধে দেওয়া রায় সরাসরি অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, তবে মিয়ানমার মামলায় আদালতের উপস্থাপিত আইনি ব্যাখ্যা গাজায় ইসরাইলের সামরিক অভিযান ঘিরে ওঠা গণহত্যার অভিযোগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে ১৯১ পৃষ্ঠার রায়টি ঘোষণা করে আইসিজে। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রতিষ্ঠা করা জরুরি। এতদিন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের ধারণা ছিল, সরাসরি লিখিত প্রমাণ ছাড়া এমন উদ্দেশ্য প্রমাণ করা অত্যন্ত কঠিন। তবে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে বিচারকরা ৯-৬ ভোটে জানান, লিখিত দলিল না থাকলেও বিভিন্ন পরিস্থিতিগত তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ করা সম্ভব।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে প্রায় ১ দশমিক ২ শতাংশ মানুষ প্রাণ হারান এবং সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। মিয়ানমার সরকার এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে ব্যাখ্যা করলেও আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। বরং রোহিঙ্গাদের দীর্ঘদিনের অধিকার হরণ, তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, হত্যাকাণ্ড, ধর্ষণ, শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের মতো ঘটনাগুলো সম্মিলিতভাবে বিবেচনা করে গণহত্যার সিদ্ধান্তে পৌঁছান আদালত।

এই রায়ের প্রভাব ইসরাইলের ক্ষেত্রেও আলোচনায় এসেছে। মামলাটিতে তৃতীয় পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি জাতিসংঘের তদন্ত প্রতিবেদনও প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলাটিও একই ধরনের আইনি আলোচনার সঙ্গে সম্পর্কিত।

বিশেষজ্ঞদের মতে, কোনো জনগোষ্ঠীর একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও সেই যুক্তিতে পুরো জনগোষ্ঠীর ওপর নির্বিচার সামরিক হামলার বৈধতা প্রতিষ্ঠা করা যায় না। আইসিজের পর্যবেক্ষণে উঠে আসা এই আইনি ব্যাখ্যা গাজায় ইসরাইলের সামরিক অভিযানের পক্ষে দেওয়া যুক্তিগুলোকে নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি করেছে।

এদিকে, আইসিজের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আন্তর্জাতিক আদালতগুলোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট—কারও জন্যই এই রায়ের আইনি তাৎপর্য উপেক্ষা করার সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরাও আইসিজের এই ঐতিহাসিক সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছেন। তবে বিশেষজ্ঞদের ধারণা, গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে আরও এক দশক কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ