tanaka
প্রচ্ছদজাতীয়স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরী: প্রধানমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরী: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে লড়াই নতুন মাত্রা পায়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা। ২১ নভেম্বরের তাৎপর্য বিবেচনায় প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং শৃঙ্খলার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী জাতির একটি গর্বিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাঁরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ বাহিনীর সদস্যদের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী ও প্রশংসিত করেছে। ভবিষ্যতেও এ অবদান অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে অতীতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও সদা তৎপর বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। একই সঙ্গে বাহিনীর সদস্যদের সুশিক্ষিত ও পেশাদার করে তোলার উদ্যোগ নেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও এ আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত ছিল।

বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

তারেক রহমান বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক সশস্ত্র বাহিনী। বাংলাদেশের স্বার্থবিরোধী বিভিন্ন শক্তি বিভিন্ন সময়ে এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য এ বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান জাতির জন্য গৌরবের বিষয়। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তাঁরা হলেন—বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।

সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।