নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলবে।
শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর ফলে বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও ও দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে। নির্ধারিত সময়ে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নতুন বিদ্যুৎ লাইনের কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



