পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর (আইএএফ) সক্রিয় বহরে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের সংখ্যা কমে ৩২টিতে দাঁড়িয়েছে। সংঘাতের আগে দেশটির বহরে এ ধরনের যুদ্ধবিমান ছিল ৩৬টি। অর্থাৎ বর্তমান হিসাব অনুযায়ী, চারটি রাফাল যুদ্ধবিমান সক্রিয় বহরে নেই। তবে এসব বিমানের অনুপস্থিতির কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে ভারতের সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি উল্লেখ করা হয়েছে। এ হিসাব প্রকাশের পর সংঘাতের সময় ভারতের একাধিক রাফাল ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের পুরোনো দাবি নতুন করে আলোচনায় এসেছে।
বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্ষমতা, যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জামের তথ্য নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে ফ্লাইট ইন্টারন্যাশনাল। তাদের সর্বশেষ তালিকায় ভারতের রাফাল বহরের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়াসহ বিভিন্ন দেশে সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে রাফাল যুদ্ধবিমান। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতেও এই অত্যাধুনিক যুদ্ধবিমান অংশ নেয়।
২০১৬ সালে ফ্রান্সের বিমান নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত। এ চুক্তির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার। এর বাইরে সম্প্রতি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
কাশ্মীরে হামলা ঘিরে শুরু হয় সংঘাত
২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়।
ওই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে। একই সঙ্গে ভারতের দেওয়া বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি ছিল, হামলার ঘটনা নিয়ে ভারতের বর্ণনায় বেশ কিছু অসংগত ও বানোয়াট তথ্য রয়েছে।
চার দিনের সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। পালটাপালটি হামলায় উভয় দেশের বিমানঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
রাফাল ভূপাতিতের দাবি পাকিস্তানের
সংঘাতের পরপরই পাকিস্তান দাবি করে, তাদের হামলায় ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানও ছিল।
অন্যদিকে, সংঘাতে নিজেদের কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও ছয়টি বিমান ভূপাতিত হওয়ার পাকিস্তানি দাবি প্রত্যাখ্যান করে ভারত।
এ বিষয়ে সে সময় সিএনএনকে দেওয়া বক্তব্যে ফ্রান্সের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জানান, পাকিস্তানের হামলায় ভারতীয় বিমানবাহিনীর অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আধুনিক প্রযুক্তির ফরাসি এই যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার ঘটনা ছিল প্রথম। ওই কর্মকর্তা আরও জানান, আকাশযুদ্ধে একটির বেশি রাফাল ধ্বংস হয়েছে কি না, তা খতিয়ে দেখছিল ফরাসি কর্তৃপক্ষ।
চারটি রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের
চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, সংঘাতে তাদের হামলায় নিশ্চিতভাবে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের মধ্যে চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ ছিল। এ ছাড়া ভারতের একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের দাবিও করে পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক বক্তব্যে তিনি ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা ১০টি বলে উল্লেখ করেন।
এর আগে ট্রাম্প প্রথমে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছিলেন। পরে গত বছরের অক্টোবরে এ সংখ্যা সাতটি এবং নভেম্বরে আটটি বলে উল্লেখ করেন তিনি।
তবে সংঘাতে ঠিক কতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তা নিয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যে এখনো বড় ধরনের পার্থক্য রয়েছে। ফ্লাইট ইন্টারন্যাশনালের সর্বশেষ হিসাবে ভারতের সক্রিয় রাফাল বহরে চারটি যুদ্ধবিমান কম থাকার তথ্য প্রকাশিত হলেও সেগুলো সংঘাতে ধ্বংস হয়েছে, নাকি অন্য কোনো কারণে সক্রিয় বহরের বাইরে রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র: দ্য ডন



