দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের যে পর্যায়ের নেতাকর্মীই এসব কর্মকাণ্ডে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে দলীয় শাস্তির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এরই অংশ হিসেবে রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর গতকালই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করায় সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সাংবিধানিক বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে রাড্ডায় দখলচেষ্টা, ইসিবি এলাকায় একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয় এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মতো ঘটনাগুলো নিয়ে সমালোচনার মধ্যেই বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই তিন সংগঠনের মোট ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রগুলো বলছে, ধারাবাহিক সাংগঠনিক ব্যবস্থার মধ্য দিয়ে বিএনপি নেতৃত্ব মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছে স্পষ্ট বার্তা দিতে চায়—দলের পরিচয় ব্যবহার করে দখল, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা অন্য কোনো অপরাধে জড়িত হলে ছাড় দেওয়া হবে না। অপরাধে জড়িত নেতাকর্মীদের একটি তালিকা তৈরির কাজও চলছে বলে জানা গেছে। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বহিষ্কারও করা হতে পারে।
মিষ্টির পদত্যাগে নতুন মাত্রা
তিন সাংগঠনিক কমিটি বিলুপ্তির পাশাপাশি সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ঘটনায় বিএনপির অভ্যন্তরে আলোচনা আরও তীব্র হয়েছে। দলটির নেতাকর্মীদের মধ্যে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নেতৃত্বের জবাবদিহি এবং মাঠপর্যায়ের কর্মকাণ্ড নিয়ে নতুন করে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির মতো গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক কমিটি বিলুপ্ত হওয়ায় মহানগর রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরির আলোচনা শুরু হয়েছে। নতুন কমিটিতে কারা জায়গা পাচ্ছেন, তৃণমূলের সক্রিয় নেতাদের কীভাবে মূল্যায়ন করা হবে—এসব প্রশ্ন ঘিরে ইতিমধ্যে সম্ভাব্য পদপ্রত্যাশীদের তৎপরতাও শুরু হয়েছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, তিন কমিটি বিলুপ্ত এবং ১১ নেতাকে বহিষ্কারের বিষয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার ভাষ্য, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় কিছু সন্ত্রাসীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরই এসব সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় নেতাদের মতে, একই অভিযোগের সূত্র ধরে ফেরদৌসী আহমেদ মিষ্টিকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছে, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে দলীয় পরিচয় বা পদমর্যাদা কাউকে সুরক্ষা দেবে না।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফেরদৌসী আহমেদ মিষ্টি অপরাধের সঙ্গে জড়িত কি না, তা নিয়ে তদন্ত হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।
শূন্য হলো সংরক্ষিত নারী আসন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।
পরে নির্বাচন কমিশন জানিয়েছে, মিষ্টির পদত্যাগের কারণে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০। সংবিধান অনুযায়ী, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বিএনপির মনোনয়নে ৩৬ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ এপ্রিল তাদের গেজেট প্রকাশ করা হয় এবং ৩ মে তারা শপথ নেন।
কেন ভেঙে দেওয়া হলো তিন কমিটি?
গত ২৪ সেপ্টেম্বর রাতে মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় বেঁধে ২০০ থেকে ২৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় সন্ত্রাসীদের নাম উঠে এসেছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়।
একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতা, উত্তর যুবদলের তিন নেতা এবং মহানগর পশ্চিম ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মূলত দখল ও চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কমিটি বিলুপ্তির ফলে তিন সংগঠনের নেতৃত্বে এখন নতুন মুখ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টিও সামনে এসেছে। নতুন নেতৃত্ব নির্ধারণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভেতরে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন মিষ্টি
প্রধানমন্ত্রীর নির্দেশের পর সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়ালেও ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া থেমে যাচ্ছে না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তবে তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে একজন সংসদ সদস্য হিসেবে তাকে নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাড্ডা সেন্টার ঘিরে মিষ্টির ভূমিকা নিয়ে প্রশ্ন
রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়া, লুটপাট এবং জমি দখলের অভিযোগের সঙ্গে ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। স্বাস্থ্যকেন্দ্রটি দখলের নেপথ্যে তার ভূমিকা ছিল এবং তার লোকজন এ ঘটনায় জড়িত ছিল—এমন অভিযোগও পাওয়া গেছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি মিরপুর এলাকার সাবেক কাউন্সিলর। তার স্বামী সাইদুর রহমান নিউটনও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। মিরপুরেই গুলিতে নিহত হন নিউটন। আর সাবেক ছাত্রদল সভাপতি প্রয়াত নাসির উদ্দিন পিন্টু ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টির বড় ভাই।
সব মিলিয়ে মিষ্টির পদত্যাগ এবং তিন সাংগঠনিক কমিটি বিলুপ্তির ঘটনাকে বিএনপির মাঠপর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার সাম্প্রতিক পদক্ষেপগুলোর গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এসব সিদ্ধান্তের মাধ্যমে দলীয় পরিচয়ের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর সাংগঠনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলেছে।



