সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালীদের নাম গোয়েন্দা তালিকায় | ছয় সীমান্তপথে বিস্ফোরক প্রবেশের অভিযোগ | রাজধানীর পাঁচ স্থান থেকে সরবরাহের তথ্য | নভেম্বরের প্রথম ১৪ দিনে তৎপরতা ২৮১টি
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। বিশেষ করে গোপালগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় সাম্প্রতিক সময়ে এসব তৎপরতা বেড়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড এবং আরও ১৯ জনকে শীর্ষ ও মধ্যম সারির নেতা হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই চক্রের নেপথ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যবসায়ীরা। দেশের ছয়টি সীমান্তপথ ব্যবহার করে কয়লা ব্যবসার আড়ালে অবৈধ বিস্ফোরক ও অস্ত্র আনার অভিযোগও পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দিচ্ছেন কয়েকজন পোশাক কারখানার মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, জনমনে আতঙ্ক ছড়াতে ব্যবহৃত ককটেল তৈরি হচ্ছে দেশের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে। পরে রাজধানীর পাঁচটি নির্দিষ্ট স্থান থেকে বিস্ফোরক ও অর্থ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার যুগান্তরকে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
গোয়েন্দা তালিকায় চার মাস্টারমাইন্ড
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিস্ফোরক সরবরাহ এবং অর্থায়নের বিষয়ে গোয়েন্দারা বেশ কিছু তথ্য পেয়েছেন। এসব কর্মকাণ্ড বাস্তবায়নে কয়েকটি স্তরে বিভক্ত একটি নেটওয়ার্ক কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনাকারী, সমন্বয়কারী, অর্থদাতা থেকে শুরু করে মাঠপর্যায়ের সরবরাহকারীদের পরিচয়ও গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্রের দাবি, নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নাম চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া নাশকতার পরিকল্পনা ও নেতৃত্বে সম্পৃক্ততার অভিযোগে আরও ১১ জনের নাম রয়েছে গোয়েন্দা তালিকায়। তাঁদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার (সুনামগঞ্জ-১), হাবিবুর রহমান হাবিব (সিলেট-৩), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), মাইনুল হোসেন খান নিখিল (ঢাকা-১৪) ও মির্জা আজম (জামালপুর-৩)।
তালিকায় আরও রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
অন্যদিকে, নাশকতার কর্মকাণ্ডে মধ্যম পর্যায়ে নেতৃত্ব ও সমন্বয়ের অভিযোগে আটজনের নাম উঠে এসেছে। তাঁরা হলেন লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।
অর্থায়নে প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের নাম
গোয়েন্দা প্রতিবেদনে নাশকতায় অর্থের জোগানদাতা হিসেবে অঞ্চলভিত্তিক কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।
ঢাকা মহানগর অঞ্চলে অর্থায়ন ও কেন্দ্রীয় সমন্বয়ের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাম রয়েছে।
নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলার আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি দলটির সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন বড় ব্যবসায়ীও নাশকতায় অর্থের জোগান দিচ্ছেন বলে গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ছয় সীমান্তপথে বিস্ফোরক প্রবেশের অভিযোগ
গোয়েন্দা সূত্রের দাবি, ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপাদান কয়লাবাহী গাড়িতে করে দেশের বাইরে থেকে বাংলাদেশে আনা হচ্ছে। এ কাজে আওয়ামী লীগ-সমর্থিত কয়লা ব্যবসায়ীদের একটি অংশ জড়িত বলে অভিযোগ রয়েছে।
বিস্ফোরক প্রবেশের সম্ভাব্য রুট হিসেবে বুড়িমারী স্থলবন্দর, শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর, সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তবর্তী এলাকার কথা উল্লেখ করা হয়েছে।
সূত্রের তথ্যমতে, বাইরে থেকে আনা এসব উপাদান দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলসহ বিভিন্ন দুর্গম এলাকায় ককটেল তৈরি করা হচ্ছে। পরে সেগুলো রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান এলাকায় জড়ো করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
গোয়েন্দা নথিতে দাবি করা হয়েছে, এসব স্থান থেকে ককটেল সরবরাহের পাশাপাশি কয়েকজন আওয়ামী লীগপন্থি পোশাক কারখানার মালিক নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অর্থ বিতরণ করছেন।
দেড় মাসে তৎপরতা বেড়েছে কয়েক গুণ
কার্যক্রম স্থগিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর গোপন তৎপরতা ও ঝটিকা কর্মসূচি গত অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত ছিল বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে রাতের আঁধারে কিংবা ছোট পরিসরে আকস্মিকভাবে এসব কর্মসূচি পালন করা হচ্ছে বলে সূত্রের দাবি।
১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংগৃহীত গোয়েন্দা ও দাপ্তরিক পরিসংখ্যান বিশ্লেষণে দলটির বিভিন্ন ধরনের তৎপরতা বৃদ্ধির চিত্র পাওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ৫৭টি তৎপরতার তথ্য রেকর্ড করা হয়। নভেম্বরের প্রথম ১৪ দিনেই এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮১টিতে।
অক্টোবরে ২২টি ঝটিকা মিছিলের বিপরীতে নভেম্বরের প্রথম দুই সপ্তাহে এ ধরনের মিছিল হয়েছে ৪০টি। একইভাবে অক্টোবরে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও নভেম্বরের প্রথম ১৪ দিনে তা বেড়ে ১০টিতে দাঁড়ায়।
নভেম্বরের প্রথম দুই সপ্তাহে একটি অগ্নিসংযোগ, পাঁচটি কুশপুত্তলিকা দাহ এবং ৪৯টি আতশবাজি ফোটানোর ঘটনাও রেকর্ড করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ছাড়া অক্টোবরে দুটি মশাল মিছিল ও চারটি বিক্ষোভ মিছিলের তথ্য পাওয়া গেলেও নভেম্বরের প্রথম ১৪ দিনে মশাল মিছিল হয়েছে ১০টি এবং বিক্ষোভ মিছিল ১৫টি।
ভার্চুয়াল মাধ্যমেও তৎপরতা
নাশকতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও সাংগঠনিক তৎপরতা বাড়ানো হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।
ঝটিকা মিছিল, বিক্ষোভ, জন্মদিন পালন ও কেক কাটার মতো কর্মসূচির ভিডিও অনলাইনে প্রচারের ঘটনা অক্টোবরে সাতটি থাকলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তা বেড়ে ৩১টিতে পৌঁছেছে।
এ ছাড়া চলতি মাসের প্রথম ১৪ দিনে গোপন বৈঠক, পোস্টারিং, দোয়া মাহফিল, কেক কাটা এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মতো বিভিন্ন কর্মসূচি পালনের তথ্যও পাওয়া গেছে।
গোয়েন্দা প্রতিবেদনে এসব কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় থেকেও সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
বস্তির অপরাধীদের ব্যবহার করার অভিযোগ
এদিকে রাজধানীর মালিবাগ, মিরপুর ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় নতুন কিছু তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। সিসিটিভি ফুটেজ ও আটক ব্যক্তিদের জবানবন্দির ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী এবং একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব ঘটনায় বস্তির মাদকাসক্ত ও অপরাধপ্রবণ ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করা হচ্ছে। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের কিছু শীর্ষ নেতা এবং পুলিশের সাবেক ও পলাতক কর্মকর্তাদের কাছে বস্তিকেন্দ্রিক অপরাধীদের তালিকা রয়েছে বলেও গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। ওই তালিকার ব্যক্তিদের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ।
৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আদাবর, শাহবাগ, মিরপুর, মালিবাগ ও যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে ৮ নভেম্বর রাতে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় এবং মিরপুরের রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিরপুরের ঘটনায় পুলিশ আশরাফুল ও রিকশাচালক হৃদয় শেখকে আটক করে। আদালতে দেওয়া হৃদয়ের জবানবন্দি অনুযায়ী, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীরের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী শিপন ও ইব্রাহিমের মাধ্যমে ককটেল সংগ্রহ করা হয়েছিল।
এ ছাড়া ৯ নভেম্বর সিএমএম আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমারকে আটক করা হয়। এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের মাইদুল ও রাসেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, কড়াইল ও চলন্তিকাসহ বিভিন্ন বস্তি থেকে ব্যক্তিদের মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভাড়া করে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
প্রতিটি ঘটনা তদন্ত করছে পুলিশ
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন যুগান্তরকে বলেন, কয়েকটি ঘটনায় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর সহযোগী সংগঠনের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্তে যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



