tanaka
প্রচ্ছদজাতীয়স্বৈরাচার ও ‘গুপ্ত’ এক হয়েছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার ও ‘গুপ্ত’ এক হয়েছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারা মিলেমিশে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাকে কাজে লাগিয়ে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা অরাজকতা তৈরি করতে চায়, তাদের বিষয়েও সচেতন থাকতে হবে। তাঁর ভাষ্য, সব সময় ‘গুপ্ত দলটি’ জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষের জন্য এবং দেশের কল্যাণে রাজনীতি করে। খাল ও নদী খনন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা।

মুহুরী-কহুয়া প্রকল্পের সুফল তুলে ধরে তিনি বলেন, খাল ও নদী খনন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে এলাকার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে। একই সঙ্গে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে। এর ফলে বছরে প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে।

প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন করা হবে। পাশাপাশি প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ সংস্কার, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজও বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকায় বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমবে। একই সঙ্গে কৃষি উৎপাদন ও সেচব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।