মুক্তির আগেই রেকর্ড গড়েছে অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘রাকা’। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার শুটিংয়ের নজির গড়েছে ছবিটি। এই প্রযুক্তিগত সাফল্যের স্বীকৃতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে পরিচালক অ্যাটলি ও অল্লু অর্জুনের এই নতুন সিনেমার।
এর আগে বিশ্বের বিভিন্ন নামী চলচ্চিত্র স্টুডিওতে একসঙ্গে সর্বোচ্চ দুই থেকে তিনজন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার শুটিংয়ের নজির ছিল। এবার সেই সীমা পেরিয়ে ৩৭ জন শিল্পীকে একসঙ্গে নিয়ে কাজ করে নতুন রেকর্ড গড়েছে ‘রাকা’।
ছবিটির বিশেষ প্রভাব বা ভিএফএক্সের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে। জানা গেছে, শুধু স্পেশাল এফেক্টসের পেছনেই প্রায় ৩০০ কোটি টাকা খরচ হচ্ছে। সিনেমাটির মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। সায়েন্স ফিকশন, অ্যাকশন ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত এই ছবির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে লস অ্যাঞ্জেলেসের লোলা ভিএফএক্স।
প্রযুক্তিগত কাজের জন্য প্রতিষ্ঠানটির একটি বড় দল তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হায়দরাবাদে এসেছে। তাদের সহযোগিতায় অ্যাটলি নিজস্ব একটি মোশন ক্যাপচার স্টুডিওও তৈরি করেছেন।
‘রাকা’র সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন জি কে বিষ্ণু। এর আগে ‘মার্সাল’, ‘বিজিল’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট কার্লটন কোলম্যানও।
একসঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার শুটিং ছিল পুরো দলের জন্য বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সেই পরীক্ষামূলক কাজ সফল হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভারতীয় সিনেমাকে প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে নেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ছবিটির গল্পেও রয়েছে ভিন্নধর্মী আয়োজন। একটি পরিবারের বংশতালিকার চার প্রজন্মের চারটি চরিত্রকে একই সময়ের গল্পে তুলে ধরবেন পরিচালক অ্যাটলি। আর চারটি চরিত্রেই অভিনয় করবেন অল্লু অর্জুন। ফলে ইলিউশন, রহস্য ও ফ্যান্টাসির মিশেলে তৈরি হচ্ছে সিনেমাটির কাহিনি।
‘রাকা’ অল্লু অর্জুনের ক্যারিয়ারের ২২তম সিনেমা এবং পরিচালক অ্যাটলির ষষ্ঠ চলচ্চিত্র। প্রযুক্তি, বড় বাজেট ও তারকাবহুল আয়োজনের কারণে মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।



