tanaka
প্রচ্ছদসারাদেশসংঘর্ষের পর গাজীপুরে অবরোধ প্রত্যাহার, নাশকতার অভিযোগে গ্রেপ্তার ২০

সংঘর্ষের পর গাজীপুরে অবরোধ প্রত্যাহার, নাশকতার অভিযোগে গ্রেপ্তার ২০

গাজীপুরের কালিয়াকৈরে মজুরি বৃদ্ধি ও সহকর্মীর মৃত্যুর গুজবকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া শ্রমিকদের অবরোধ ও সংঘর্ষ পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর বেলা সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় নাশকতার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় মহাসড়কে ধীরে ধীরে যান চলাচলও শুরু হয়েছে।

কারখানার শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ উত্তেজনার সূত্রপাত। ওই দিন কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে কারখানাগুলোতে কাজ শুরুর পর শ্রমিকদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবারের সংঘর্ষে আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সহকর্মীর মৃত্যুর গুজবের পাশাপাশি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালায়। টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে আন্দোলনকারীরা সরে গেলে অবরোধের অবসান ঘটে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।