tanaka
প্রচ্ছদসারাদেশচট্টগ্রাম সিটি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা

চট্টগ্রাম সিটি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। ভোটের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছেন।

বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন বিএনপির হয়ে আবারও মনোনয়ন চাইতে পারেন। ২০২১ সালের সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছে পরাজিত হন। পরে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে মামলা করেন। ২০২৪ সালে নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে তাকে মেয়র ঘোষণা করা হয় এবং একই বছরের নভেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করছেন।

জামায়াতে ইসলামী ইতোমধ্যে মেয়র পদে শামসুজ্জামান হেলালীর নাম ঘোষণা করেছে। নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেলালী এর আগে চসিকের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি চট্টগ্রাম-১০ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপিতে শাহাদাত হোসেনের পাশাপাশি নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তবে দলটির পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে সাবেক মেয়র মনজুর আলমকে ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হলে নির্বাচনের সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও তাকে প্রার্থী করার বিষয়ে আগ্রহের কথা শোনা যাচ্ছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভেতরের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি সংগঠনের বাইরের ব্যক্তিদের নিয়েও তারা বিবেচনা করছে। বর্তমানে আরিফ মঈনুদ্দিন, মীর মোহাম্মদ শোয়াইব ও জিয়া রনির নাম আলোচনায় থাকলেও এখনো কাউকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

চট্টগ্রাম মহানগরীর প্রায় ২০ লাখ ভোটারের এই নির্বাচনে শেষ পর্যন্ত কোন দল বা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, চসিক নির্বাচন নিয়ে কেন্দ্র থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।