বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে হারানোর ২৯ বছর আজ (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে মাত্র ২৪ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। এ দিনটি উপলক্ষে অসংখ্য ভক্ত, অনুরাগী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাকে স্মরণ করছেন।
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও শুক্রবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের মাধ্যমে তৈরি একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে সালমান শাহকে স্মরণ করেছেন। ফটোকার্ডটিতে দেখা যায় তিনটি কোলাজ ছবি, যার সঙ্গে লেখা রয়েছে: ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। শাকিব খান নিজেই এই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন।
পোস্টে তিনি সালমান শাহের উদ্দেশে লিখেছেন: “যেখানেই থাকুন, আপনার আত্মার শান্তি কামনা করছি।”
ভক্তরা এই পোস্টে আবেগময় প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন: “প্রতিটি ভক্তের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন অমর নায়ক সালমান শাহ।”
চলচ্চিত্রে সালমান শাহ ছিলেন এক অনন্য নাম। তবে তার মৃত্যুকে ঘিরে শুরু থেকেই ভক্তদের মধ্যে রহস্য ও প্রশ্ন রয়েছে। কেউ বিশ্বাস করেন এটি আত্মহত্যা, আবার অনেকে মনে করেন পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এখনও সেই রহস্যের চূড়ান্ত সমাধান হয়নি।
তবু তার স্টাইলিশ উপস্থিতি ঢাকাই সিনেমায় এক নতুন ধারা তৈরি করেছিল। ব্যান্ডানা মাথায়, সানগ্লাস চোখে, মোটরবাইক, ঘন কালো চুল আর মায়াময় হাসি—সব মিলিয়ে সালমান শাহ আজও বেঁচে আছেন ভক্তদের হৃদয়ে অমর নায়ক হিসেবে।



