tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে প্রভাবশালী মার্কিন ডানপন্থি রাজনৈতিক কর্মী ও বক্তা চার্লি কার্ক নিহত হয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় কার্কের মৃত্যুর খবর জানান। তিনি লিখেছেন, “মহান, এমনকি কিংবদন্তি, চার্লি কার্ক মারা গেছেন। যুক্তরাষ্ট্রের যুবকদের হৃদয়কে তিনি সবচেয়ে ভালোভাবে বুঝতে পারতেন।” ট্রাম্প আরও জানান, কার্কের সম্মানে আগামী রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ইউটা ভেলি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ক শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে লাগে এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, তিনি বক্তৃতা দিচ্ছেন এবং হঠাৎ গুলির শব্দের সঙ্গে চেয়ারের উপর থেকে পড়ে যাচ্ছেন।

ইউটার গভর্নর স্পেন্সার কক্স ঘটনাটিকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “এটি আমাদের রাজ্যের জন্য একটি কালো দিন এবং মার্কিন নাগরিকদের প্রকাশ্যভাবে আলোচনা ও বিতর্ক করার অধিকারকে বড় হুমকি।”

চার্লি কার্ক ‘আমেরিকা কামব্যাক ট্যুর’ নামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৫টি অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন। তার অনুষ্ঠানগুলোতে বিপুলসংখ্যক ছাত্রছাত্রী অংশ নিতেন। তিনি টার্নিং পয়েন্ট ইউএসএ নামে রক্ষণশীল তরুণদের অন্যতম বৃহৎ সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন, যা রিপাবলিকানদের তরুণ ভোটার সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

কার্কের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা ছিল ৫৩ লাখ। তিনি ‘দ্য চার্লি কার্ক শো’ পডকাস্ট ও রেডিও অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এবং সম্প্রতি ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এর সহ-উপস্থাপক হিসেবেও কাজ করেছেন।

ঘটনার পর একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, “চার্লি কার্কের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি বর্তমানে হেফাজতে। ইউটার স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষ এফবিআইকে সহযোগিতার জন্য ধন্যবাদ।”