ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ প্রশাসনের ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত তিনটি আলাদা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের ৪৯ জন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদে বদলি/পদায়ন করা হয়েছে। এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদমর্যাদার আরও ১২ জনকে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওই দিন থেকেই তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
ইসি কর্মকর্তাদের মতে, নির্বাচনের আগে আরও বদলি হবে। বিশেষ করে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে।



