চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেবে কিনা, তা এখনো চূড়ান্ত করেনি জাতীয়তাবাদী ছাত্রদল। বিষয়টি নিয়ে ভেবে দেখছে সংগঠনটি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষতা নিয়ে তাদের শঙ্কা রয়েছে।
তিনি লিখেছেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—সে বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান। এই পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেব কিনা, তা ভেবে দেখার বিষয়।”
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে, আর জমাদানের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
প্রসঙ্গত, চবি প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছে ছাত্রদল। সম্প্রতি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলনও করেছে সংগঠনটি।



