স্টার্টআপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বা মূলধন বিনিয়োগ কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কোম্পানির মাধ্যমে নতুন ও ছোট উদ্যোক্তারা সহজ শর্তে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। খুব শিগগিরই কোম্পানিটি গঠন করে স্টার্টআপ ফান্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। তখন বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির বিনিয়োগযোগ্য তহবিলের একটি অংশ উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত এক সভায় আলোচনা হয়।
এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলে গঠিত ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন ফান্ড থেকে স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণ ও বিনিয়োগ সুবিধা দেওয়ার লক্ষ্যে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন পর্যন্ত ১৬টি তফশিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি চুক্তিতে যুক্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, শিগগিরই অন্যান্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিও এই প্রক্রিয়ায় যুক্ত হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত স্টার্টআপ ফান্ড সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দেশের অর্থনীতিতে স্টার্টআপ কোম্পানিগুলো ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এগুলো শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, কর্মসংস্থান ও উদ্ভাবনের ক্ষেত্রেও ইতিবাচক অবদান রাখছে। স্টার্টআপ খাতে অর্থায়ন প্রক্রিয়া গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক ৯ জুলাই একটি মাস্টার সার্কুলার জারি করেছে।
এই সার্কুলার অনুযায়ী, এখন থেকে উদ্যোক্তারা অংশগ্রহণকারী ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বা বিনিয়োগ সহায়তা পাবেন। উদ্যোক্তারা এই তহবিল থেকে চলতি ও মেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া নতুন নির্দেশনা অনুযায়ী স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য পর্যায়ভিত্তিক ঋণসীমা ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।



