ডিজিটাল ব্যাংকিংয়ের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার হামলা ও অনলাইন জালিয়াতির ঝুঁকি। কিন্তু এসব ঝুঁকি মোকাবিলায় দেশের অধিকাংশ ব্যাংকের প্রস্তুতি সন্তোষজনক নয়। সাইবার হামলা কিংবা নিরাপত্তা-সংক্রান্ত বড় কোনো ঘটনা ঘটলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, সে বিষয়ে লিখিত ও নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা রয়েছে মাত্র ৩১ শতাংশ ব্যাংকের। অর্থাৎ ৬৯ শতাংশ ব্যাংকেরই এ ধরনের কোনো পরিকল্পনা নেই।
শুধু তা-ই নয়, ব্যাংকিং অ্যাপের মাধ্যমে হওয়া লেনদেনের গতিবিধি তাৎক্ষণিক পর্যবেক্ষণ করে মাত্র ৪৪ শতাংশ ব্যাংক। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় দেশের ব্যাংকিং অ্যাপের সাইবার নিরাপত্তার এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা: বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার ও শিক্ষাবিদরা অংশ নেন।
গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৮১ শতাংশ নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা বা ইভেন্ট লগিং চালু রেখেছে। তবে তথ্য সংরক্ষণের তুলনায় তাৎক্ষণিক নজরদারিতে ব্যাংকগুলোর সক্ষমতা অনেক কম। মাত্র ৪৪ শতাংশ ব্যাংক অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে লেনদেনের তথ্য ও গতিবিধি তাৎক্ষণিক পর্যবেক্ষণ করে।
আরও উদ্বেগের বিষয়, গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা বা নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা মোকাবিলায় লিখিত পরিকল্পনা তৈরি এবং নিয়মিত পরীক্ষা করে মাত্র ৩১ শতাংশ ব্যাংক। ফলে বড় ধরনের সাইবার হামলা বা অনলাইন জালিয়াতির ঘটনা ঘটলে অধিকাংশ ব্যাংক কতটা কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ফিশিং ও তথ্য চুরি বড় হুমকি
ব্যাংকিং অ্যাপের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। গবেষণায় অংশ নেওয়া ব্যাংকগুলোতে এ ধরনের প্রতারণার ঘটনা সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এরপর রয়েছে গ্রাহকের ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ দখল এবং পরিচয়সংক্রান্ত তথ্য বা পাসওয়ার্ড চুরির ঘটনা।
গবেষণার এই চিত্র বলছে, ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার ঝুঁকি শুধু প্রযুক্তিগত দুর্বলতার মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, প্রতারণামূলক কৌশল এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে অসচেতনতাও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
গ্রাহকের পরিচয় যাচাইয়ের ব্যবস্থাতেও ঘাটতি রয়েছে। গবেষণায় অংশ নেওয়া ব্যাংকগুলোর ৭৮ শতাংশ ডিভাইসের সঙ্গে গ্রাহকের হিসাব যুক্ত রাখা এবং পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে লেনদেনের ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে পরিচয় যাচাইয়ের পদ্ধতি পরিবর্তন করে মাত্র ১৬ শতাংশ ব্যাংক।
এদিকে, ৭৮ শতাংশ ব্যাংক অন্তত একটি তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ব্যবহার করলেও এসব সেবাদাতার এপিআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে মাত্র ৩৪ শতাংশ ব্যাংক। অর্থাৎ ব্যাংকের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বাইরের প্রযুক্তিগত সেবাদাতাদের মাধ্যমে তৈরি হওয়া ঝুঁকি নিয়ন্ত্রণেও দুর্বলতা রয়েছে।
বাজেট ও দক্ষ জনবলের সংকট
সাইবার নিরাপত্তা জোরদারে আর্থিক ও জনবলসংক্রান্ত সীমাবদ্ধতাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ব্যাংকগুলো। গবেষণায় অংশ নেওয়া ব্যাংকগুলোর ৪৭ শতাংশ বাজেটের সীমাবদ্ধতাকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছে। একই সংখ্যক ব্যাংক প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবের কথা জানিয়েছে। অন্যদিকে, ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের সংকটের কথা তুলে ধরেছে।
বিআইবিএমের এ প্রাথমিক জরিপে অংশ নেয় ৩৪টি ব্যাংক। বর্ণনামূলক জরিপ, দলীয় আলোচনা, প্রাসঙ্গিক নীতিমালা পর্যালোচনা এবং দেশি-বিদেশি অভিজ্ঞতা বিশ্লেষণের মাধ্যমে গবেষণাটি পরিচালিত হয়। তবে গবেষণার ফলাফল অংশগ্রহণকারী ব্যাংকগুলোর নিজস্বভাবে দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি। ফলে এটিকে পুরো ব্যাংকিং খাতের সামগ্রিক চিত্র কিংবা স্বাধীনভাবে নিরীক্ষিত ফলাফল হিসেবে বিবেচনা করা যাবে না।
নিরাপত্তা জোরদারে তিন দফা পরামর্শ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের গবেষণা, উন্নয়ন ও পরামর্শ বিভাগের পরিচালক ও অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের প্রভাষক ফাহাদ আহমেদ। গবেষণা দলের অন্য সদস্য ছিলেন মো. শিহাব উদ্দিন খান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম আজাদ।
সমাপনী বক্তব্যে ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম। এগুলো হলো—ব্যাংকগুলোর মধ্যে যৌথ নিরাপত্তা মহড়ার আয়োজন, জালিয়াতি প্রতিরোধে সহজ অভিযোগ জানানোর ব্যবস্থা ও শক্তিশালী গ্রাহক পরিচয় যাচাই এবং তৃতীয় পক্ষের সেবাদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট জবাবদিহি প্রতিষ্ঠা।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, ডিজিটাল ব্যাংকিং ও গ্রাহকসেবা বিভাগের মধ্যে সমন্বয় করে নিয়মিত যৌথ মহড়ার আয়োজন করতে হবে। এতে নিরাপত্তা-সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে কোন বিভাগ সিদ্ধান্ত নেবে, কীভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং কখন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, তা আগেই নির্ধারণ করা সম্ভব হবে।
ড. এজাজুল ইসলাম বলেন, গ্রাহকদের সন্দেহজনক জালিয়াতির ঘটনা জানানোর প্রক্রিয়া সহজ করতে হবে। পাশাপাশি লেনদেনের ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে আরও শক্তিশালী পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা প্রয়োজন। ব্যাংকিং অ্যাপের উন্নয়ন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে তৃতীয় পক্ষের সেবাদাতাদের নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এসব কার্যক্রম তদারকির জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় দক্ষতা ও জনবলও গড়ে তুলতে হবে।
সাইবার নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি পরিমাপের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট সূচক নির্ধারণের পরামর্শ দেন তিনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, গ্রাহকের অভিযোগ পাওয়ার পর কত দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা মহড়ায় শনাক্ত হওয়া দুর্বলতার কত শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করা হচ্ছে, তা নিয়মিত পর্যালোচনা করতে হবে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টিভঙ্গি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের বাস্তব অভিজ্ঞতা ব্যাংকগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করতে পারে।
গোলটেবিল আলোচনায় নির্ধারিত আলোচক হিসেবে অংশ নেন বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন এবং সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান।
গবেষণার ফলাফল বলছে, ডিজিটাল ব্যাংকিংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা কিংবা তথ্য সংরক্ষণ যথেষ্ট নয়। সাইবার হামলা মোকাবিলায় লিখিত ও নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা, লেনদেনে তাৎক্ষণিক নজরদারি, জালিয়াতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, তৃতীয় পক্ষের সেবাদাতাদের জবাবদিহি এবং দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। অন্যথায় ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও অর্থের নিরাপত্তাঝুঁকিও বাড়তে পারে।



