tanaka
প্রচ্ছদজাতীয়নতুন পে-স্কেলে পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০, সর্বনিম্ন ১০ হাজার টাকা

নতুন পে-স্কেলে পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০, সর্বনিম্ন ১০ হাজার টাকা

নতুন জাতীয় বেতনস্কেল কার্যকরের সঙ্গে সরকারি পেনশনভোগীদের মাসিক নিট পেনশনের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেনশনভোগীরা সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন। বিদ্যমান পেনশনভোগীদের ক্ষেত্রে গত ৩০ জুন পাওয়া নিট পেনশনের ওপর শ্রেণিভেদে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান রাখা হয়েছে।

একই সঙ্গে অবসর-উত্তর ছুটি, আনুতোষিক এবং ছুটি নগদায়নের অর্থ পরিশোধের ক্ষেত্রেও নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জারি করা প্রজ্ঞাপনটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যারা মাসিক নিট পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ২০২৬ সালের ৩০ জুন প্রাপ্ত অর্থের ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে।

এ ক্ষেত্রে যাদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বৃদ্ধি হবে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ।

তবে পেনশন বৃদ্ধির পাশাপাশি প্রতিটি শ্রেণির জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, ৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিরা সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা পাবেন। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য এ সীমা ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা।

একইভাবে ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিরা ৩৫ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৪৯ হাজার টাকা পাবেন। ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য নির্ধারিত সীমা ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিরা সর্বনিম্ন ৬২ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পাবেন।

তবে যেসব বিদ্যমান পেনশনভোগী ইতোমধ্যে মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তাদের পেনশন কমানো হবে না। ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত তারা আগের হারেই পেনশন পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো মূল পেনশনভোগীর অধীনে একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশনের ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে তাঁদের মধ্যে অর্থ বণ্টন করতে হবে।

পেনশন ও গ্র্যাচুইটি বা আনুতোষিকের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতন বিবেচনায় নিতে হবে। ধাপভিত্তিক বেতন বাস্তবায়নের কারণে কোনো কর্মচারী যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, তার ভিত্তিতে পেনশন ও আনুতোষিক নির্ধারণ করা যাবে না। এ ছাড়া প্রাপ্য আনুতোষিকের সম্পূর্ণ অর্থ এককালীন পরিশোধ করতে হবে।

অবসর-উত্তর ছুটির বিপরীতে এককালীন অর্থ বা লাম্পগ্র্যান্ট নির্ধারণের ক্ষেত্রেও সময়ভেদে পৃথক বিধান রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাই শুরু হলে ছুটির প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে।

অন্যদিকে, ২০২৬ সালের ২ জুলাই বা তার পরে অবসর-উত্তর ছুটি শুরু হলে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের সমপরিমাণ অর্থ পাবেন সংশ্লিষ্ট কর্মচারী। উভয় ক্ষেত্রেই অর্থ একসঙ্গে পরিশোধ করতে হবে।

এ ছাড়া ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতনস্কেল জারির তারিখ পর্যন্ত সময়ে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী যেসব কর্মচারীর ছুটি নগদায়নের দাবি নিষ্পত্তি হয়েছে, সেসব হিসাব পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত লাম্পগ্র্যান্ট পাওনা হলে সংশ্লিষ্ট কর্মচারীকে তা পরিশোধ করতে হবে।

প্রজ্ঞাপনে উৎসব ভাতা বণ্টনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো মূল পেনশনভোগীর অধীনে একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে তাঁদের মধ্যে উৎসব ভাতা বণ্টন করতে হবে।