জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পর্যাপ্ত অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়াতে জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘পলিসি টু প্র্যাকটিস—স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স: বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ।
অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক কার্যক্রমের সমন্বয় জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উইং কাজ করবে।
তিনি জলবায়ু কার্যক্রমে জেন্ডারভিত্তিক পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ, জ্ঞান ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং জলবায়ু অর্থায়নে নারীর কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুবিনা ফেরদৌসী। তিনি বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজন কার্যক্রম এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেন।
রুবিনা ফেরদৌসী জানান, বাংলাদেশ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা (সিসিজিএপি) গ্রহণ করেছে। বর্তমানে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার কাজ চলছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ, প্রশিক্ষণ প্রদান এবং নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সিসিজিএপির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জেন্ডার-সংবেদনশীল অভিযোজন কার্যক্রমের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প পরিকল্পনা তৈরি করেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও খাতভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিসিজিএপি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের কাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলছে।
প্যানেল আলোচনায় বক্তারা বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) এবং জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনায় (সিসিজিএপি) থাকা নীতিগত অঙ্গীকারগুলোকে বাস্তব খাতভিত্তিক কর্মসূচি, প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও পরিমাপযোগ্য ফলে রূপ দিতে হবে। এ জন্য পরিকল্পনা প্রণয়নের শুরু থেকেই জেন্ডার সমতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা জরুরি।
বক্তারা আরও বলেন, জেন্ডার-সংবেদনশীল অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে জেন্ডার-সংবেদনশীল বাজেট প্রণয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন প্রকল্পের জন্য কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তারা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে অভিযোজন কার্যক্রমে নারীদের প্রয়োজন, অভিজ্ঞতা ও অগ্রাধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
আলোচনায় বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি) বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও অগ্রগতিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, জেন্ডার-সংবেদনশীল জলবায়ু সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সিসিজিএপি একটি বাস্তবভিত্তিক কাঠামো হিসেবে কাজ করছে। তবে পরিকল্পনাটির কার্যকর বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তমন্ত্রণালয় সমন্বয়, পর্যাপ্ত অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ধরিত্রী কুমার সরকার, ইউএন উইমেনের সদর দপ্তরের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নবিষয়ক নীতি উপদেষ্টা ভেঙ্গে নিয়িরিঙ্গো, ফরাসি উন্নয়ন সংস্থা এএফডির কৌশল বিভাগের ফোরসাইট ও জলবায়ুবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যালেক্সিস বোনেল এবং এশিয়া-প্যাসিফিক রিসোর্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেনের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা নিকা কাস্তিলো।
ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম বিশেষজ্ঞ এবং জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা বিভাগের প্রধান দিলরুবা হায়দারের সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কপ৩১-পরবর্তী সময়ে বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম আরও গতিশীল করতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন বক্তারা। একই সঙ্গে বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্যও কার্যকর দৃষ্টান্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।



