tanaka
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, শেখ হাসিনা পালিয়ে গেছেন: রিজভী

খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, শেখ হাসিনা পালিয়ে গেছেন: রিজভী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও রাজনৈতিকভাবে পরাজিত হননি, তবে শেখ হাসিনা পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএ ভবন অডিটোরিয়ামে ‘মহীয়সী বেগম খালেদা জিয়া—ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, প্রতিহিংসার কারণে শেখ হাসিনা খালেদা জিয়াকে পরিত্যক্ত একটি কারাগারে বন্দি করে রেখেছিলেন। সেখানে তাকে যথাযথ চিকিৎসা ও খাবার দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, কারাগারে খালেদা জিয়ার সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থা রাখা হয়নি।

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তিনি মৃত্যুবরণ করলেও রাজনীতিতে বিজয়ী হয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন।

তিনি আরও বলেন, রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সংস্কৃতি। রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংস্কৃতিচর্চা না থাকলে তারা আলোকিত হতে পারেন না। একজন রাজনীতিকের মধ্যে ভালো ছবি দেখার আগ্রহ, গান-কবিতার প্রতি ভালোবাসা এবং চিত্রকলা বোঝার মতো মানসিকতা থাকা প্রয়োজন। এসব গুণ না থাকলে কেউ হয়তো মাস্তান হতে পারেন, কিন্তু ভালো রাজনীতিবিদ হতে পারেন না।

খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রামের ইতিহাস অল্প সময়ে তুলে ধরা সম্ভব নয় উল্লেখ করে রিজভী বলেন, তার বেড়ে ওঠা, নেতৃত্ব, শাসনকাল, রাজনৈতিক সংগ্রাম এবং বিভিন্ন সময়ে নিপীড়ন-নির্যাতনের পুরো ইতিহাস বিশদভাবে তুলে ধরতে সময় প্রয়োজন।

মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের একটি উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, মানুষ মৃত্যুবরণ করলেও পরাজিত হয় না। ইতিহাসে এমন মানুষের জন্ম খুব কমই হয়, যারা একটি দেশ বা জাতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে যান। খালেদা জিয়াকে তিনি তেমনই একজন ক্ষণজন্মা নেতা হিসেবে উল্লেখ করেন।

রিজভী বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, কিন্তু পরাজিত হননি। তার রাজনৈতিক প্রেরণা, অর্জন, কৃতিত্ব এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার শিক্ষা দিয়ে গেছেন। নিজের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সেই অবস্থানের প্রমাণ রেখে গেছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে এবং শামীম রাব্বি সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ডা. জহুরুল হক, বিএনপি নেতা শিপন খানসহ আরও অনেকে।