২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’-এ আবারও শিবম পন্ডিত চরিত্রে ফিরছেন ইমরান হাশমি। আর এই প্রত্যাবর্তনের জন্য তিনি আগের সিনেমার তুলনায় প্রায় ১০ গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, ‘আওয়ারাপন ২’-এ অভিনয়ের জন্য ইমরান হাশমি আনুমানিক ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর ফলে সিনেমাটির অভিনয়শিল্পীদের মধ্যে তিনিই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত।
২০০৭ সালে ‘আওয়ারাপন’-এ অভিনয়ের সময় ইমরান হাশমির পারিশ্রমিক ছিল আনুমানিক ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি। প্রায় দুই দশক পর একই চরিত্রে ফিরে পারিশ্রমিকেও বড় ধরনের পরিবর্তন এসেছে।
ধারণা করা হচ্ছে, নতুন পরিস্থিতি ও নতুন চরিত্রের মধ্য দিয়ে শিবম পন্ডিতের গল্পকে আরও এগিয়ে নেওয়া হবে। মূল সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীয়া শরন।
এদিকে ‘আওয়ারাপন ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি। সিনেমাটির জন্য তিনি প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি পেয়েছেন আনুমানিক ২ থেকে ৫ কোটি রুপি। সিনেমাটির পার্শ্বচরিত্রে অভিনয় করা সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অন্য শিল্পীদের পারিশ্রমিকের তথ্য প্রকাশ করা হয়নি।
পরিচালনায় পরিবর্তন
২০০৭ সালের ‘আওয়ারাপন’ পরিচালনা করেছিলেন মোহিত সুরি। তবে সিক্যুয়েলের পরিচালনায় থাকছেন না তিনি। ‘আওয়ারাপন ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। সিনেমাটির গল্প লিখেছেন বিলাল সিদ্দিকী।
নতুন সিনেমায় আগের ছবির জনপ্রিয় গানগুলোর আবহও রাখা হয়েছে। ‘ভে জুনুন’, ‘ইয়ে আওয়ারাপন’ ও ‘তেরা মেরা রিশতা কন্টিনিউজ’-এর মতো গান নতুন সিক্যুয়েলে জায়গা করে নিয়েছে।
সব মিলিয়ে ইমরান হাশমির প্রত্যাবর্তন, নতুন গল্প ও তারকাবহুল অভিনয়শিল্পীদের কারণে ‘আওয়ারাপন ২’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।



