tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকলোকসভা আসন পুনর্বিন্যাসে মোদির কাছে বিজয়ের ৩ দাবি

লোকসভা আসন পুনর্বিন্যাসে মোদির কাছে বিজয়ের ৩ দাবি

ভারতের লোকসভা আসন পুনর্বিন্যাস নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিন দফা দাবি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।

লোকসভার মোট আসনসংখ্যা ৫৪৩-এ স্থায়ী রাখা, রাজ্যভিত্তিক বর্তমান আসন বণ্টন অপরিবর্তিত রাখা এবং আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে এসব দাবি জানান বিজয়। চিঠির সঙ্গে তামিলনাড়ু বিধানসভায় বুধবার গৃহীত একটি প্রস্তাবের অনুলিপিও পাঠানো হয়েছে।

তামিলনাড়ু বিধানসভার প্রস্তাবে বলা হয়েছে, আগামী জনগণনার পর জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলো রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে যেসব রাজ্য দীর্ঘদিন ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে, তাদের জন্য এটি অন্যায্য হতে পারে বলে মনে করছে রাজ্যটি।

বিজয় তার চিঠিতে লোকসভার মোট সদস্যসংখ্যা স্থায়ীভাবে ৫৪৩ রাখার পাশাপাশি প্রতিটি রাজ্যের বর্তমান আসনসংখ্যা অপরিবর্তিত রাখার প্রস্তাব দেন। এ জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনী বিবেচনার আহ্বান জানান তিনি।

তামিলনাড়ু বিধানসভায় আলোচনার সময় আশঙ্কা প্রকাশ করা হয়, জনসংখ্যার নতুন পরিসংখ্যানের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যের আসন কমে যেতে পারে। বিপরীতে জনসংখ্যা বেশি এমন উত্তর ভারতের রাজ্যগুলোর আসন বাড়তে পারে।

এ ক্ষেত্রে তামিলনাড়ুর অতীতের উদাহরণও তুলে ধরা হয়েছে। বিধানসভার আলোচনায় বলা হয়, সীমানা পুনর্নির্ধারণের কারণে ১৯৬৭ সালে তামিলনাড়ুর লোকসভা আসন ৪১ থেকে কমে ৩৯ হয়েছিল।

রাজ্যটির যুক্তি, ১৯৭১ সালের পর জনসংখ্যা নিয়ন্ত্রণে দক্ষিণ ভারতের রাজ্যগুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও জনকল্যাণের বিভিন্ন ক্ষেত্রেও তারা অগ্রগতি করেছে। ফলে নতুন আসন পুনর্বিন্যাসে এসব রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে গেলে তা জনসংখ্যা নিয়ন্ত্রণে সফলতার জন্য এক ধরনের নেতিবাচক ফল তৈরি করবে।

লোকসভা আসন পুনর্বিন্যাসের পাশাপাশি নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়েও দাবি জানিয়েছেন বিজয়। আগামী লোকসভা ও পরবর্তী বিধানসভা নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের আহ্বান জানিয়েছেন তিনি।

চিঠিতে তামিলনাড়ু বিধানসভার প্রস্তাবটি বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনী আনার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান বিজয়।

বিজয়ের তিন দাবি

১. লোকসভার মোট আসন ৫৪৩-এ স্থায়ী রাখা।
২. রাজ্যভিত্তিক বর্তমান লোকসভা আসনসংখ্যা অপরিবর্তিত রাখা।
৩. আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা।

বিজয়ের এই অবস্থানের ফলে লোকসভা আসন পুনর্বিন্যাসের বিষয়টি ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আশঙ্কা—জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে জাতীয় সংসদে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য বদলে যেতে পারে।

এখন নজর থাকবে কেন্দ্রীয় সরকারের অবস্থানের দিকে। কারণ বিষয়টি শুধু নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও ক্ষমতার ভারসাম্যের প্রশ্নও জড়িত।