নেত্রকোনার কলমাকান্দায় কবরস্থানের জমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে রংছাতী ইউনিয়নের আমগড়া ও বানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে আমগড়া কবরস্থানের রাস্তার পাশের জমিতে দোকান নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এক পক্ষ দোকান নির্মাণের চেষ্টা করলে অন্য পক্ষ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে আমগড়া বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘদিনের জমি বিরোধ
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৮ কাঠা জমির ওপর কবরস্থানটি গড়ে উঠেছে। এই জমির মালিকানা ও ব্যবহার নিয়ে আমগড়া ও বানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
কবরস্থানের রাস্তার পাশের জমিতে দোকান নির্মাণের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে পুরোনো বিরোধ নতুন করে সামনে আসে। শুক্রবার সকালে দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
ছয়জনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে
সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ৫০ জন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমএমএস মাটি জানান, সংঘর্ষের ঘটনায় মোট ৫৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা বিবেচনায় নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ পেলে ব্যবস্থা: পুলিশ
কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কবরস্থানের জমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



