কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচরে মালবাহী ট্রাক উল্টে হাইওয়ে পুলিশের টহলরত পিকআপের ওপর পড়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে কুলিয়ারচর উপজেলার দাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল পারভেজ মিয়া (৩৫) হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে কিশোরগঞ্জগামী কুড়া-ভুসিবোঝাই একটি ট্রাক দাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভৈরব হাইওয়ে থানার টহল পিকআপের ওপর উল্টে পড়ে।
এ সময় পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অপর এক পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে কুলিয়ারচর ও ভৈরব ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ এবং স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়।
কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। পরে ট্রাকের মালামাল সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দায়িত্ব পালনকালে কনস্টেবল পারভেজ মিয়া নিহত হয়েছেন। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পুলিশের পিকআপ জব্দ করে থানায় রাখা হয়েছে।



