প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় দিনদুপুরে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে তাঁকে গুলি করা হয়।
নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মনিরুল হুদা জানান, ঘটনার সময় কয়েকজন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তরিকুল তখন গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি সেখানে আসে। তারা দোকানে ঢুকেই তরিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
তিনি বলেন, ‘গুলির শব্দ শুনে আমরা সরে যাই। গুলি করেই দুর্বৃত্তরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিটি তরিকুলের বুকে লাগে।’
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। তিনি মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে গুলির খোসা জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, দুর্বৃত্তরা তরিকুলকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। দুটি গুলিই তাঁর শরীরে বিদ্ধ হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।



