tanaka
প্রচ্ছদখেলাবার্সেলোনা ছেড়ে ধারে আয়াক্সে টের স্টেগেন

বার্সেলোনা ছেড়ে ধারে আয়াক্সে টের স্টেগেন

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ধারে ডাচ জায়ান্ট আয়াক্সে যোগ দিয়েছেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ২০২৬-২৭ মৌসুমের জন্য এই অভিজ্ঞ গোলকিপারকে দলে নিয়েছে আয়াক্স। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ডাচ ক্লাবটি।

আয়াক্স জানিয়েছে, বার্সেলোনা ও টের স্টেগেনের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এই ধারের চুক্তি সম্পন্ন হয়েছে। তবে বার্সেলোনার সঙ্গে তাঁর মূল চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে।

৩৪ বছর বয়সী টের স্টেগেন ২০১৪ সালে বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে দীর্ঘ এক যুগে তিনি ৪২৩টি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন ২০টি ট্রফি। এর মধ্যে রয়েছে সাতটি লা লিগা শিরোপা ও ২০১৪-১৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

তবে সর্বশেষ দুই মৌসুমে চোটের কারণে নিয়মিত মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। বার্সেলোনার এক নম্বর গোলরক্ষক হিসেবে হোয়ান গার্সিয়া জায়গা পাকাপোক্ত করার পর গত জানুয়ারিতে টের স্টেগেনকে ধারে জিরোনায় পাঠানো হয়। কিন্তু সেখানে দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে পুরো মৌসুম থেকে ছিটকে যান তিনি। এই চোটের কারণে সদ্য সমাপ্ত বিশ্বকাপেও জার্মানির জাতীয় দলে জায়গা পাননি এই গোলরক্ষক।

অন্যদিকে, আয়াক্সও কঠিন সময় পার করছে। গত মৌসুমে ডাচ লিগ এরেডিভিসিতে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে ক্লাবটি, যা তাদের ইতিহাসের যৌথভাবে সর্বনিম্ন পয়েন্ট অর্জনের রেকর্ড। তবে প্লে-অফ জিতে উয়েফা কনফারেন্স লিগের বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে ৩৪ বারের ডাচ চ্যাম্পিয়নরা।

কনফারেন্স লিগের দ্বিতীয় বাছাইপর্বে সার্বিয়ার ভয়ভোদিনা নোভি সাদকে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে আয়াক্স। সেখানে তাদের প্রতিপক্ষ আইরিশ ক্লাব শেলবোর্ন।

নতুন মৌসুমে আয়াক্সে নিয়মিত খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজের সেরা ছন্দে ফিরতে চাইবেন টের স্টেগেন।