tanaka
প্রচ্ছদরাজধানীরাস্তার ‘মাফিয়া’ দেলোয়ার, গাড়িপ্রতি মাসোহারা; মাসে চাঁদা ২০ লাখ টাকা!

রাস্তার ‘মাফিয়া’ দেলোয়ার, গাড়িপ্রতি মাসোহারা; মাসে চাঁদা ২০ লাখ টাকা!

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফিট সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে গুলশান ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার নির্ধারিত লোকজনের মাধ্যমে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে মাসোহারা আদায় করা হয়। টাকা না দিলে মামলা, গাড়ি জব্দসহ নানা ধরনের হয়রানির শিকার হতে হয় চালকদের।

একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, কুড়িল ও ৩০০ ফিট সড়কে বিভিন্ন ধরনের যানবাহন থেকে প্রতি মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হয়।

অনুসন্ধানে জানা যায়, কুড়িল থেকে চলাচলকারী প্রায় ৪০০ সিএনজিচালিত অটোরিকশার অধিকাংশেরই ঢাকা মহানগরে চলাচলের অনুমতি নেই। অথচ মাসে তিন হাজার টাকা করে দেওয়ার বিনিময়ে এসব গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে বলে অভিযোগ রয়েছে।

চালকদের ভাষ্য, টিআই দেলোয়ারের সঙ্গে মাসিক চুক্তি থাকলে পুলিশ গাড়ি আটকায় না। এ জন্য গাড়িতে ব্যবহার করা হয় বিশেষ স্টিকার। অন্যদিকে, স্টিকার না থাকলে বিভিন্ন মোড়ে পুলিশি জিজ্ঞাসাবাদ, মামলা এমনকি গাড়ি ডাম্পিংয়ে পাঠানোর ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন চালকরা।

একাধিক চালক জানিয়েছেন, অনুমোদনহীন গাড়ি চালাতে হলে মাসিক নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয়। পুলিশের সঙ্গে চুক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত স্টিকারও অনুসন্ধানী দলকে দেখান একজন চালক। অনুসন্ধানে এসব স্টিকার পরিবর্তনের তথ্যও পাওয়া গেছে। চালকদের অভিযোগ, লাইনম্যানদের মাধ্যমে চাঁদার টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়।

ব্যাটারিচালিত অটোরিকশাতেও মাসিক চুক্তি

শুধু সিএনজিচালিত অটোরিকশা নয়, ৩০০ ফিট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণের অভিযোগও উঠেছে টিআই দেলোয়ারের বিরুদ্ধে। পূর্বাচলের নীলা মার্কেট থেকে কুড়িলগামী এক চালক জানান, মাসিক চুক্তি না থাকায় তিনি ওই রুটে গাড়ি চালাতে চান না। কারণ, গাড়ি নিয়ে সড়কে বের হলে আটক ও ডাম্পিংয়ে পাঠানোর আশঙ্কা থাকে। অথচ নিয়মিত টাকা দেওয়া গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করে বলে দাবি তার।

প্রাইভেট কার থেকেও আদায় করা হয় টাকা

কুড়িল বিশ্বরোডের একটি স্ট্যান্ডে চলাচলকারী প্রাইভেট কার থেকেও মাসিক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। চালকদের ভাষ্য অনুযায়ী, গাড়িপ্রতি মাসে দুই হাজার টাকা দিতে হয়। লাইনম্যান কাউসার এসব টাকা সংগ্রহ করে দেলোয়ার ও স্থানীয় নেতাদের কাছে পৌঁছে দেন বলে অভিযোগ রয়েছে।

গাড়ির কাগজপত্রে সমস্যা থাকলে চাঁদার পরিমাণ আরও বেড়ে যায় বলে জানিয়েছেন চালকরা। অনুসন্ধানী দলের সদস্যরা যাত্রী সেজে একটি প্রাইভেট কারে রূপগঞ্জের গাউছিয়া পর্যন্ত গিয়ে চালকের কাছ থেকেও এ ধরনের চাঁদা দেওয়ার তথ্য পান।

ট্রাক ও কাভার্ড ভ্যান থেকেও মাসোহারা

৩০০ ফিট সড়কে চলাচলকারী বাস, ড্রাম ট্রাক, মিক্সার ট্রাক ও কাভার্ড ভ্যান থেকেও নিয়মিত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। চালকদের দাবি, দিনের বেলায় রাজধানীতে চলাচলের অনুমতি না থাকা মাটি ও পাথরবোঝাই ট্রাকও মাসিক চুক্তির কারণে পুলিশের চেকপোস্ট পার হয়ে যায়।

কোনো পুলিশ সদস্য গাড়ি আটকালে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম বলার পর গাড়ি ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন চালকরা। এ ছাড়া বিভিন্ন রেডিমিক্স কোম্পানির গাড়ি থেকে মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের হিসাব

অনুসন্ধানী প্রতিবেদনে চাঁদা আদায়ের একটি সম্ভাব্য হিসাবও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্রায় ২০০টি সিএনজিচালিত অটোরিকশা থেকে মাসে ছয় লাখ টাকা, ১৫০টি প্রাইভেট কার থেকে তিন লাখ টাকা এবং ব্যাটারিচালিত অটোরিকশার লাইনম্যানদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করা হয়।

এ ছাড়া মিক্সার ও ড্রাম ট্রাক কোম্পানি থেকে প্রায় চার লাখ টাকা, কাভার্ড ভ্যান কোম্পানি থেকে আড়াই লাখ টাকা এবং বাস কোম্পানিগুলো থেকে প্রায় এক লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি পিকআপ স্ট্যান্ড, দেওয়ান পরিবহন ও বিআরটিসি থেকেও পার্কিংয়ের নামে টাকা নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে এসব খাত থেকে প্রতি মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বদলি হয়েও কুড়িলেই বহাল দেলোয়ার

অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর দেলোয়ারকে মহাখালী জোনে বদলি করা হয়েছিল। তবে মাত্র দুই দিনের মাথায় তাকে আবারও কুড়িলে বহাল করা হয়। বদলি ঠেকাতে তিনি প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় চালকদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলেও কুড়িল এলাকায় তার প্রভাব ও নিয়ন্ত্রণ ছিল।

অভিযোগ অস্বীকার টিআই দেলোয়ারের

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অনুসন্ধানী দল টিআই দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তিনি কার্যালয়ে গিয়ে সাক্ষাৎকার দেওয়ার কথা বললেও পরে বিষয়টি এড়িয়ে যান। দায়িত্ব পালনকালে সরাসরি প্রশ্ন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি বলেন, ‘আপনার কাছে কোনো প্রমাণ থাকলে ইউ ক্যান পাবলিশ।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।