২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ কাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। নিজের আত্মজীবনীতে ওই ঘটনায় অস্ট্রেলিয়া দলের অন্য সদস্যরাও আগে থেকে অবগত ছিলেন বলে দাবি করেছেন তিনি। খাজার এমন বক্তব্যের পর এবার তার তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স। খাজাকে গত চার-পাঁচ দশকে ক্রিকেটে দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলেও মন্তব্য করেছেন তিনি।
পার্থের ৯১.৩ স্পোর্টএফএমকে দেওয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, আত্মজীবনীতে পুরোনো বিতর্কিত ঘটনা তুলে ধরে খাজা নিজের সাবেক সতীর্থদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়া দলের অভ্যন্তরীণ আচরণবিধিও লঙ্ঘন করেছেন বলে মনে করেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা শনাক্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডি ভিলিয়ার্স। ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় বলের অস্বাভাবিক রিভার্স সুইং তার নজরে পড়ে। এরপর অস্ট্রেলীয় ক্রিকেটারদের ওপর ক্যামেরার নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। পরবর্তী সময়ে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির বিষয়টি প্রকাশ্যে আসে।
খাজার সমালোচনা করতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, গত ৪০ থেকে ৫০ বছরে ক্রিকেটে এমন বড় বিশ্বাসঘাতকতা তিনি দেখেননি। তার মতে, একজন খেলোয়াড়ের জন্য দলের অভ্যন্তরীণ যে আচরণবিধি মেনে চলা জরুরি, খাজা সেগুলোর অনেক কিছুই ভঙ্গ করেছেন। স্যান্ডপেপার কাণ্ডটি সঠিক ছিল নাকি ভুল, সেই বিতর্কের মীমাংসা অনেক আগেই হয়ে গেছে। এরপরও বিষয়টি নতুন করে সামনে এনে খাজা অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
ডি ভিলিয়ার্সের অভিযোগ, খাজার মন্তব্যের কারণে সাবেক সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক এবং দলের অভ্যন্তরীণ ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদের কাছে সতীর্থদের ব্যক্তিগত বিষয় প্রকাশ করে তিনি তাদের আস্থারও অমর্যাদা করেছেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
এর আগে নিজের আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন দাবি করেন খাজা। তার ভাষ্য অনুযায়ী, কেবল ক্যামেরন ব্যানক্রফট, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারই নন, অস্ট্রেলিয়া দলের আরও অনেক সদস্য স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন। অথচ ওই ঘটনায় মূলত এই তিন ক্রিকেটারকেই শাস্তির মুখোমুখি হতে হয়েছিল।
খাজার বক্তব্যের পর ডেভিড ওয়ার্নার তার দাবির সঙ্গে একমত হন। পরে প্রায় চার হাজার শব্দের একটি লেখায় একই ধরনের বক্তব্য দেন ক্যামেরন ব্যানক্রফটও। তবে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স খাজার অভিযোগ সরাসরি নাকচ করেছেন। তার দাবি, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি দলের অন্য সদস্যদের জানা ছিল না। খাজার বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করেছেন তিনি।
এভাবে প্রায় আট বছর আগের স্যান্ডপেপার গেট কাণ্ড আবারও ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সাবেক ক্রিকেটারদের নতুন নতুন বক্তব্যে পুরোনো এই বিতর্ক আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: স্কাই স্পোর্টস



