বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই ফরম্যাটের স্কোয়াডে একাধিক পরিবর্তনের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি চমক। ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার কেশভ মহারাজ। অন্যদিকে, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে বর্ন ফরচুইনকে।
দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পায়ের পেশিতে চোট পেয়েছেন। এ কারণে আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি। একই চোটের কারণে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের দল থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে ওয়ানডে দলের দায়িত্ব সামলাবেন মহারাজ।
প্রথম টেস্টে অবশ্য একাদশে সুযোগ পাননি এই বাঁহাতি স্পিনার। সেখানে দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেছিলেন সিমন হারমার। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দলে যুক্ত করা হয়েছে স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে। বাভুমার অনুপস্থিতিতে টেস্ট দলের অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। তবে দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকবেন এনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি। এই তিন ক্রিকেটারকে অবশ্য ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে।
বিশেষ করে ওয়ানডে দলে নরকিয়ার প্রত্যাবর্তন বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম ৫০ ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যেতে পারে গতিময় এই পেসারকে।
অন্যদিকে, বাভুমার পাশাপাশি ওয়ানডে স্কোয়াডে জায়গা পাননি এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি এবং ক্রিকেটারদের বিশ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের রাখা হয়নি এই দলে।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওয়ানডে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন লুঙ্গি এনগিডি। পেস বিভাগে তার সঙ্গে রয়েছেন এনরিখ নরকিয়া, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, ডুয়ান জানসেন ও এনকোবানি মোকোয়েনা।
ব্যাটিং বিভাগে অভিজ্ঞ কুইন্টন ডি ককের পাশাপাশি দায়িত্ব সামলাবেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ত্রিস্তান স্টাবস। এ ছাড়া দলে ফিরেছেন তরুণ ব্যাটার সিনেথেম্বা কোয়েশাইল। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আবারও জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।
ঘরোয়া টি-টোয়েন্টিতে মাত্র সাত ইনিংসে ২৭৭ রান করেছেন কোয়েশাইল। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৯৭ দশমিক ৮৫। বিশেষ করে মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করে আলোচনায় আসেন এই তরুণ ব্যাটার। ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডও রয়েছে তার।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বর্ন ফরচুইন। চোট কাটিয়ে এই ফরম্যাটের দলে ফিরেছেন তরুণ পেসার কেনা মাফাখাও।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কোয়েশাইল ও ত্রিস্তান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড
বর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজে, কনর এস্তারুইজেন, দোনোভান পেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কেনা মাফাখা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কোয়েশাইল, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।



