tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাসরে দাঁড়াচ্ছে ইংল্যান্ডও, একা হয়ে পড়ছেন ইনফান্তিনো

সরে দাঁড়াচ্ছে ইংল্যান্ডও, একা হয়ে পড়ছেন ইনফান্তিনো

পায়ের তলা থেকে একে একে সরে যাচ্ছে সমর্থনের মাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কি তা টের পাচ্ছেন?

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। ব্যাপক প্রতিবাদের পর ফিফা সেই পরিকল্পনা বাতিল করলেও তাঁর প্রতি আস্থা ফিরছে না ফুটবল সংস্থাগুলোর।

একদিকে একের পর এক ফুটবল সংস্থা তাঁর সমর্থন প্রত্যাহার করছে, অন্যদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের পথে এগোচ্ছে।

ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস (এফএফই) নামে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে বিশ্বজুড়ে ফুটবল অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হলে গত শনিবার ফিফা এই উদ্যোগ বাতিলের ঘোষণা দেয়।

এর আগে উয়েফাভুক্ত দেশগুলো ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও এই উদ্যোগের সমালোচনা করে।

তবে পরিকল্পনা বাতিল করেও ইনফান্তিনোর সংকট কাটেনি। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ) ২০২৭-২০৩১ মেয়াদের ফিফা সভাপতি নির্বাচনে তাঁর প্রতি দেওয়া সমর্থন প্রত্যাহার করেছে।

এক বিবৃতিতে এফএডব্লিউ জানায়, শাসনব্যবস্থা, নেতৃত্ব, নৈতিকতা ও যোগাযোগের ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতার কারণে ইনফান্তিনো বিশ্ব ফুটবলের নেতৃত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)ও পুনর্নির্বাচনে ইনফান্তিনোকে দেওয়া সমর্থনের চিঠি প্রত্যাহার করতে যাচ্ছে। এর আগে সংস্থাটি ফিফার শাসনব্যবস্থার পূর্ণাঙ্গ ও কঠোর পর্যালোচনার দাবি জানিয়েছিল।

এদিকে এফএফই–সংক্রান্ত বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে উয়েফা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবীদের মাধ্যমে ইনফান্তিনোকে আইনি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। নোটিশে সংশ্লিষ্ট সব নথি ও তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী বছরের মার্চে ফিফা কংগ্রেসে নতুন সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। চতুর্থ মেয়াদে সভাপতি পদে লড়তে যাওয়া ইনফান্তিনোর বর্তমান মেয়াদ শেষ হবে আগামী বছর।

কিন্তু সাম্প্রতিক বাণিজ্যিক বিতর্ককে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর সমর্থন হারানোয় তাঁর পুনর্নির্বাচনের পথ এখন কঠিন হয়ে উঠেছে।