tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিরাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয়নি, স্থানীয় নির্বাচন নিয়েও নির্দেশনা নেই: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয়নি, স্থানীয় নির্বাচন নিয়েও নির্দেশনা নেই: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কাছ থেকে ইসি এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি বলেও জানান তিনি।

সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, তাঁর পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে। এ লক্ষ্যে ইসি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছে।

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এখনো তফসিল নির্ধারণ করা হয়নি। ভোটার তালিকা পাঠানোর জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ করা হয়েছে। তালিকা পাওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটার হওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত রাখা হয়েছিল। তবে এ বিষয়ে ইসির কাছে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। ফলে ওই সময়সীমা পরিবর্তন হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সাধারণত তফসিল ঘোষণা থেকে ভোটের তারিখ পর্যন্ত প্রায় ৪৫ দিনের সময় প্রয়োজন হয়। এ ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণের জন্য আরও সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচনের প্রস্তুতিতে প্রায় তিন মাস সময় লাগে।

৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিষয়ে ইসি সচিব জানান, ৫৯টি নিবন্ধিত দলের মধ্যে একটি দলের নিবন্ধন স্থগিত রয়েছে। বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে।

তিনি বলেন, হিসাব জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। দিনটি শুক্রবার হওয়ায় ২ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং ৮টি দল কোনো সাড়া দেয়নি।

যেসব দল হিসাব জমা দেয়নি, তাদের আইন অনুযায়ী নোটিশ দেওয়া হবে বলেও জানান ইসি সচিব।