প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে তরুণ উদ্ভাবকরা। তাই গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ গড়ে তুলতে সরকার সবসময় তাদের পাশে থাকবে।
রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এমআইএসটির শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।
বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যরা মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। প্রধানমন্ত্রী তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশকে এগিয়ে নিতে গবেষক, উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কেউ প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ গড়তে চাইলে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। তিনি রোবটটির নকশা, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে জানতে চান। একই সঙ্গে রোবটটির আরও উন্নয়ন, বাণিজ্যিক ব্যবহার এবং ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনাও জানতে চান। তারা জানান, পড়াশোনা শেষে প্রযুক্তি খাতে কাজ করতে এবং নিজেদের উদ্যোগে নতুন কিছু তৈরি করতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধ, ফার্নিচার ও কসমেটিকস শিল্পের উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ বাড়ানো এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এই খাতের উন্নয়নে কাজ করার আহ্বানও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে দক্ষতার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং কানাডা তৃতীয় স্থান লাভ করে।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কেএম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।



